সিপিবির বিক্ষোভ সমাবেশে হরতাল সফল করার আহ্বান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৭:০৫ পিএম
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র রক্ষায় নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ শহর কমিটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘দাম কমাও, জান বাঁচাও’ স্লোগানে রবিবার (২০ মার্চ) বিকেল চারটায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ, সিটি কর্পোরেশনের সামনে, মন্ডলপাড়া ও ২ নম্বর রেলগটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ খেটে খাওয়া মানুষ আজ দিশেহারা। লুটেরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মানুষের পকেট কেটে নিচ্ছে। বর্তমান সরকারের কর্তাব্যক্তিদের বক্তব্যে ব্যবসায়ী সিন্ডিকেট আরও উৎসাহিত হচ্ছে।' বক্তারা আরও বলেন, 'অবিলম্বে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমাতে হবে।
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দুর্নীতিমুক্ত টিসিবি এবং ন্যায্যমূল্যের দোকান চালু করতে হবে। মূল্যবৃদ্ধির হোতা লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। দরিদ্র মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। লুটপাট বন্ধ করতে হবে, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে।'
তারা বলেন, জনগণের বাঁচার দাবি নিয়ে বাম গণতান্ত্রিক জোট আগামী ২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতাল আহ্বান করেছে। মানুষ বাঁচানোর এ হরতালে দেশবাসীর অংশগ্রহণ ও সমর্থন কামনা করছি। আশা করি সাধারণ মানুষ এ হরতাল কর্মসূচি সফল করতে এগিয়ে আসবেন। দেশে মেহনতি মানুষের পক্ষে একটা বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি আব্দুল হাই শরীফের সভাপতিত্বে এ সমাবেশগুলোতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী,
নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সাহা, জেলা কমিটির সদস্য জাকির হোসেন, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিমল কান্তি দাস, শাহানারা বেগম, সুজয় রায় চৌধুরী বিকু, জেলা কমিটির সদস্য কৃষ্ণা ঘোষ, শোভা সাহা, শিশির চক্রবর্তী ও নারায়ণগঞ্জ শহর কমিটির সহ-সাধারণ সম্পাদক মৈত্রী ঘোষ প্রমুখ।


