মজুরি বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ নগরীর কয়েকশ’ হোসিয়ারি শ্রমিক। রোববার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর বঙ্গবন্ধু সড়কে মিছিল করেন তারা। এই সময় বঙ্গবন্ধু সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়।
মিছিলে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ হোসিয়ারি শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত, সহসভাপতি শংকর দে, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল প্রধান, কোষাধ্যক্ষ চিত্তরঞ্জন বাবু, সদস্য দিদার খন্দকারসহ কয়েকশ’ শ্রমিক। শ্রমিকদের নেতৃত্ব দেওয়া কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম বলেন, মজুরি বাড়ানোর দাবি শ্রমিকদের দীর্ঘদিনের।
মালিক সমিতির লোকজন মজুরি বাড়ানোর কথা বলে নামমাত্র মজুরি বাড়ায়। বাজারমূল্যের তুলনায় তা যৌক্তিক নয়। ঈদকে কেন্দ্র করেও বেতন-বোনাস নিয়ে গড়িমসি করে মালিকপক্ষ। মজুরি বাড়ানোসহ ৮ দফা দাফিতে আন্দোলনে নেমেছে শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


