হোসিয়ারি শ্রমিকদের ৮ দাবিতে বিভাগীয় শ্রম দপ্তর ঘেরাও
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ০৬:০৫ পিএম
নারায়ণগঞ্জ নগরীতে ঈদ বোনাস ও মজুরি বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে হোসিয়ারি শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। ঘেরাও করেছে নারায়ণগঞ্জ বিভাগীয় শ্রম দপ্তর। সোমবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় চাষাঢ়ায় বিভাগীয় শ্রম দপ্তর ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা হাফিজুল ইসলাম,
হোসিয়ারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাবেক সভাপতি আব্দুল হাই শরীফ ও আব্দুল মতিন, রমজান, স্বপন দাসসহ হোসিয়ারি শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে নেতারা বলেন, দুই বছর পরপর হোসিয়ারি শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা থাকলেও মালিকরা মজুরি বৃদ্ধি করছেন না।
বাজারে নিত্য-প্রয়োজনীয় জিনিসের দাম ও বাড়ি ভাড়া, গাড়ি ভাড়াসহ সব কিছুর দাম বেড়ে যাওয়ার ফলে জনজীবনের ব্যয় বেড়েছে কয়েক গুণ। হোসিয়ারি শ্রমিকরা যে মজুরি পায় তা দিয়ে বর্তমান বাজারে কোনভাবেই তাদের সংসার চলে না। বেঁচে থাকার তাগিদে মজুরি বৃদ্ধি ও ঈদ বোনাসসহ ৮ দফা দাবি আদায়ে হোসিয়ারি শ্রমিকদেরকে রাজপথে নামতে হয়েছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। তারা আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হয়েছে। নিত্যপণ্যের উর্ধ্বমুখী বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রমিক কর্মচারীদের বর্তমান মজুরির উপর ৫০ ভাগ বৃদ্ধি করতে হবে। আরএনএস এর গেঞ্জির ক্ষেত্রে ৭০ ভাগ মজুরি বৃদ্ধি করতে হবে।
হিন্দুদের দুর্গাপূজা উৎসবের ছুটি ৩ দিন দিতে হবে। হোসিয়ারি বডি মেশিন শ্রমিকদের ২ মেশিনে শিফট ধরে ৮ ঘন্টায় ৩ শত টাকা দিতে হবে। অতিরিক্ত মেশিন চালানোর জন্য প্রতি মেশিনে ১০০ টাকা করে মজুরি দিতে হবে। দেশে প্রচলিত শ্রম আইন অনুযায়ী সকল শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্রসহ আইনি সকল সুযোগ-সুবিধা প্রদান করতে হবে।
নারী শ্রমিকদের স্ববেতনে ৬ মাস মাতৃত্বকালীন ছুটি ও ভাতা প্রদান করতে হবে। সমাবেশ চলাকালীন সময় শ্রমিক প্রতিনিধিদের একটি দল শ্রম পরিচালকের কাছে তাদের দাবি আদায়ে ও সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
এ সময় শ্রম পরিচালক খুরশেদ আলম হোসিয়ারি মালিকদের সাথে কথা বলে সংকট সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি স্থগিত করে বাড়ি ফিরে যায়। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের দাবি মেনে নিয়ে হোসিয়ারি শিল্পের উৎপাদনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান।


