ছিনতাইকারী দোলনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ জুন ২০২২, ০৮:০৩ পিএম
নগরীর চিহ্নিত ছিনতাইকারী দোলনকে গণপিটুনি দিয়ে সদর মডেল থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রোববার (৫জুন) সন্ধ্যা ৭টার দিকে শেখ রাসেল পার্কে এক দর্শনার্থীর পকেট কাটতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন কাশীপুর এলাকার চিহ্নিত এ ছিনতাইকারী। আটককৃত দোলনের বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে। সে মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। জানাযায়, রবিবার (৫জুন) সন্ধ্যায় পরিবার নিয়ে নগরীর শেখ রাসেল পার্কে ভ্রমনে যান এক মধ্য বয়সী নারী। সন্তানদের নিয়ে পার্কে ঘুরার সময় ছিনতাইকারী দোলন ওই নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই নারীর চিৎকারে পার্কে থাকা অন্য দর্শনার্থীরা দৌড়ে এসে ছিনতাইকারী দোলনকে আটক করে গণপিটুনি দেয়। পরে সদর মডেল থানা পুলিশে ফোন দিলে ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়।এ ব্যাপারে ভুক্তভোগী ওই নারী নাম প্রকাশ না করার শর্তে জানান, বিকেলে সন্তানদের নিয়ে পার্কে ঘুরতে আসি। পার্কের ভেতরে ঘুরার সময় এক ছিনতাইকারী আমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি চিৎকার করলে আশেপাশের দর্শনার্থীরা দ্রুত ছুঁটে এসে ছিনতাইকারীকে আটক করে এবং আমার চেইন উদ্ধার করে। এরপর কি হয়েছে আমি বলতে পারবো না। আমি দ্রুত সেখান থেকে চলে এসেছি নিরাপত্তাহীনতার কারনে। স্থানীয়রা জানান, আটককৃত দোলনের বিরুদ্ধে ছিনতাইয়ের অনেক রেকর্ড আছে। এমনকি তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক মামলাও রয়েছে। সে এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তার রয়েছে বিশাল ছিনতাইকারী বাহিনী। নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।এমই/জেসি


