দুই লাখ অবৈধ সংযোগের এক লাখ অবৈধ সংযোগই না’গঞ্জের: তিতাস এমডি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ০৯:০৮ পিএম
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এমডি হারুন অর রশীদ মোল্লা বলেছেন, শিল্প মালিকদের জন্য আমি গ্যাস দেই। বৈধ কাস্টমারদের গ্যাস দেই, পাইপ লাইন করেছি। এখানে চারটা ইন্ডাস্ট্রি কিন্তু চার হাজার অবৈধ লাইন চলে গেছে। এগুলো কি আপনার সম্পত্তি! না, আপনিও এটার মালিক! তাহলে আপনি কেন পাহাড়া দেবেন না? আমাদের কাজ করতে হবে। কাজ না করলে আপনারাও গ্যাস পাবেন না।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় স্থাপিত সিসি ক্যামেরার সাহায্যে মনিটরিং কার্যক্রমের উদ্বোধনের পূর্বে তিনি এই কথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
হারুন অর রশীদ বলেন, আমার এখানে ছয় মাসের তথ্য আছে। আমি দুই লাখ ২৩ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। এর মধ্যে নারায়ণগঞ্জেই এক লাখ ২৭ হাজার। আমাদের এই অবৈধ সংযোগগুলোকে শূন্যে নামিয়ে আনতে হবে। রূপগঞ্জে আমাদের চারটা গাড়ি ভাঙা হয়েছে। আমি সেখানে মন্ত্রীর সঙ্গে কথা বলেছি; সেখানকার সকল অবৈধ সংযোগ খুলে ফেলা হয়েছে।
তিনি বলেন, আপনারা এই অবৈধ সংযোগ উচ্ছেদ করে উদাহরণ সৃষ্টি করুন, যে নারায়ণগঞ্জে কোনো অবৈধ সংযোগ নেই। আপনারা আমাদের সহযোগিতা করুন। আমাদের কোনো কর্মকর্তা জড়িত থাকলে, আমাদের জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, বিকেএমএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও ব্যবসায়ীবৃন্দ। জেসি / এন.এইচ


