দাবী না মানলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি পরিচ্ছন্ন কর্মীদের
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ১০:৪৭ পিএম
# নগর ভবনের সামনে পরিচ্ছন্ন কর্মীদের বিক্ষোভ
# দাবী না মানে তাহলে শুক্রবার থেকে কাজ বন্ধ করার ঘোষণা
বেতন ভাতা বৃদ্ধি ও অন্যান্য সুযোগ সুবিধাসহ ৬ দফা দাবী নিয়ে দ্বিতীয় দিনে নগর ভবণ ঘেরাও ও বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়নের পরিচ্ছন্ন কর্মীরা। গতকাল বুধবার (৩ আগষ্ট) দুপুর ১২টায় নগর ভবনের সামনে ছয় দফা দাবীনামা নিয়ে বিক্ষোভ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়ন পরিচ্ছন্ন কর্মীরা।
এসময় বিক্ষোভ সমাবেশে পরিচ্ছন্ন কর্মীরা বলেন, ‘আমরা বারো শত পরিচ্ছন্ন কর্মী এই সিটি কর্পোরেশনে কাজ করি। আমাদের মহিলাদের বেতন তিন হাজার ও কেউর তিন হাজার পাঁচ শত টাকা। পুরুষদের বেতন পাঁচ হাজার পাঁচশত টাকা। দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতির কারণে আমাদের পরিচ্ছন্ন কর্মীদের জীবনযাত্রায় এখন অসহনীয় হয়ে পরেছে। আমরা এই টাকা দিয়ে এখন সংসার চালাতে পারিনা, আমরা অনেক কষ্টে আছি।’
তারা আরও জানান, যদি আগামী কালের মধ্যে আমাদের দাবী না মানে তাহলে আমরা শুক্রবারে কাজ বন্ধ করে দিবো। আমাদের পরিচ্ছন কর্মীদের ছয় দফা দাবীগুলো হলো, ১/ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ( অদ্যাবধি সংশোধন) মোতাবেক উক্ত শিল্পে নিয়োজিত শ্রমিকদের নিয়োগপত্র প্রদান করা। ২/ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কর্মরত সকল পরিচ্ছন্ন কর্মীদের চাকুরী স্থায়ী করতে হবে।
৩/ সকল পরিচ্ছন্ন কর্মীদের নুন্যতম দৈনিক হাজিরা ৬৫০ টাকা এবং ট্রাক শ্রমিকদের ৭৫০ টাকা করতে হবে এবং প্রত্যেক শ্রমিকের বেতন সমপরিমান ঈদ-পূজার বোনাস প্রদান করতে হবে। ৪/ প্রতি ওয়ার্ডেং ২ জন করে ডোম নিয়োগ দিতে হবে।
৫/ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিস্কার পরিচ্ছন্ন করার সময় যদি কোন শ্রমিক দূর্ঘটনায় মৃত্যুবরণ করে তবে পাঁচ লক্ষ টাকা প্রদান করতে হবে। এছাড়াও যদি স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করে তবে তার কাষ্ট বা দাফন করার জন্য পূর্বের বরাদ্দ পাঁচ হাজার টাকার পরিবর্তে পঞ্চাশ হাজার টাকা প্রদান করতে হবে। ৬/ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে সমস্ত জায়গা যেমন সিদ্ধিরগঞ্জ ও বন্দর অঞ্চলের পরিচ্ছন্ন কর্মীদের স্থায়ী বসবাসের জন্য বহুতল ভবন ও বাসস্থান তৈরী করতে হবে। জেসি/এন.এইচ


