লোডশেডিংয় ও জেনারেটর বন্ধে ভোগান্তি চরমে ভিক্টোরিয়া হাসপাতালে
নুরুন নাহার নিরু
প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ০৫:৪৫ পিএম
# ডাবল লাইনের কাজ চলছে, তাই সাময়িক সমস্যা : আরএমও
লোডশেডিং এর কবলে পড়েছে সারা দেশ। প্রতিদিনই বিদ্যুতের সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বাজারে জ্বালানির দামও বেড়েছে। বর্তমানে বিদ্যুৎতের চাহিদা ১৪ থেকে ১৫ হাজার মেগাওয়াটের মধ্যে। সারা দেশে লোডশেডিং হলেও সরকারি হাসপাতালগুলো বিদ্যুৎ বিভ্রাটের আওতার বাহিরে। তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া ) হাসপাতালে লোডশেডিং এর কারণে রোগীরা চরম ভোগান্তিতে পড়ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, পুরো হাসপাতালে বিদ্যুতের লাইন রয়েছে দুটি। একটি লাইনে লোডশেডিং হলে অপরটি দিয়েই চলে হাসপাতালের কার্যক্রম। কিন্তু এখন অনেক সময়ে দুটি লাইনেই বিদ্যুৎ থাকেনা। হাসপাতালে রয়েছে জেনারেটরের ব্যবস্থা । যদিও বর্তমানে জেনারেটরটি অকেজো অবস্থায় বেহাল দশায় পড়ে রয়েছে। কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষের দাবি জেনারেটরটি ভালো তবে সারা দেশের বিদ্যুৎ সংকট থাকার কারণে সেটিকে ব্যবহার করা হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি যুগের চিন্তাকে জানান, সেই দিন এক রোগী হাসপাতালে ইসিজি করতে যায়। গিয়ে দেখে হাসপাতালের ইসিজি রুমে বিদ্যুৎ নেই। প্রায় দুই ঘন্টা পর বিদ্যুৎ আসে। বিদ্যুৎ না আসা পযন্ত সেই রোগীটি বসে ছিল। হাসপাতালে ঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে রোগীরা পরীক্ষা করতে পারছেন না। বাধ্য হয়ে তাদের বাহির থেকে বেশি টাকা দিয়ে পরীক্ষা করাতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক রোগী বলেন, লোডশেডিং এর কথা আর কি বলবো সেই সকাল ৮-৯ টার পর বিদ্যুৎ চলে যায়। এরপর প্রায় ২ থেকে ৩ ঘন্টা পরে আসে। এতে রোগীরা সুস্থ হওয়ার চেয়ে গরমে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আমাদের থেকে তো আরো কষ্ট হয় যারা অপারেশনের রোগী রয়েছেন। বিদ্যুৎ চলে গেলে তো তাদের বেহাল দশা। সকলকেই এর ভোগান্তি বেশ কয়েকদিন ধরে পোহাতে হচ্ছে।
হাসপাতালে জেনারেটরের ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন লাডশেডিং এর সমস্যা হয় এবং কেন জেনারেটরটি অকেজো অবস্থায় রয়েছে এমন প্রশ্নের জবাবে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের (আরএমও) ডা. মো. ফরহাদ যুগের চিন্তাকে জানান, ‘জেনারেটরটি নষ্ট নয়। আর এখন তেমন বিদ্যুৎ সমস্যা হয় না। আমাদের ডাবল লাইনের কাজ চলছে। কাজটা হয়ে গেলেই লোডশেডিং এর সময়ও কোনো সমস্যা হবে না। এখন তো সারা দেশে লোডশেডিং এর সমস্যা রয়েছে। আমাদেরকে বলা হয়েছে প্রতিদিন ১ ঘন্টা করে বিদ্যুৎ থাকবে না।’ এন.এইচ/জেসি


