বর্ণাঢ্য আয়োজনে না’গঞ্জে জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা
যুগের চিন্তা রিপার্ট
প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ০৯:১৩ পিএম
বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রী কৃষ্ণের জম্মষ্টমী পালন করা হয়েছে। ১৯ আগষ্ট সকালে শহরের ঐতিহাসিক ডায়মন্ড চত্বর থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শিশু- কিশোর, বৃদ্ধ-বৃদ্ধা সহ নানা বয়সী সনাতন ধর্মাম্বলীরা খোল-করতালসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে স্বত:স্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন।
এর আগে সকালে জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। শোভাযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রায় উদ্ধোধক হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের। কিন্তু এদিন তিনি উপস্থিত ছিলেন না। পরে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী একনাথানন্দজী।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) আমীর খসরু, বিকেএমইএ'র সহ-সভাপতি ও পানামা গ্রুপের চেয়ারম্যান অমল পোদ্দার, বাসুদেব চক্রবর্তী, বাংলাদেশ ইয়াং মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ও ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল,
মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দেসহ আরও অনেকে। শোভাযাত্রা শেষে শহরের দুই নাম্বার রেলগেটে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। তারা শোভাযাত্রায় আগত সকল ভক্তবৃন্দকে শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ বাস্তব জীবনে মেনে চলার আহ্বান জানান। এছাড়াও দিনব্যাপী গীতাপাঠ, ভগবত আলোচনা, ভগবান শ্রীকৃষ্ণে আর্বিভাব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে।এসএম/জেসি


