না’গঞ্জে বিএনপি-পুলিশে সংঘর্ষে যুবদল কর্মী নিহত (ভিডিও)
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৩ পিএম
# বিএনপি-পুলিশে সংঘর্ষে নিহত ২
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের ২ নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশের গুলিতে নারায়ণগঞ্জ সদরের এনায়েতনগর ইউনিয়নের বাসিন্দা শাওন নামের ২০ বছর বয়সী এক যুবদল কর্মী নিহত হয়েছেন; তার পিতার নাম মৃত সাহাব আলী।বর্তমানে নারায়ণগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রতক্ষ্যদর্শীদের মতে, আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে একটি শোভাযাত্রা বের করলে পুলিশ তাতে বাধা দেয়। সেই বাধা উপেক্ষা করে বিএনপি’র নেতাকর্মীরা শোভাযাত্রাটি নিয়ে ২ নং রেলগেট এলাকায় পৌঁছালে শুরু হয় সংঘর্ষ। পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেটের বিপরীতে ইট-পাটকেল ছুঁড়তে থাকে বিএনপি নেতাকর্মীরা।
একপর্যায়ে গুলিবিদ্ধ হন যুবদল কর্মী শাওন। এরপর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জ সদর (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে নিহত শাওনের মরদেহ রাখা হয়েছে। এছাড়া বিএনপি’র প্রায় ৫০-৬০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। অপরদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইট-পাটকেলের আঘাতে ১০-১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এন.এইচ/জেসি


