দোকানে অগ্নিকাণ্ড ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০৮:০৮ পিএম
নারায়ণগঞ্জের রিভারভিউ মার্কেটের মালিক জুলহাস ও শাহজাহানের অব্যবস্থাপনার কারনে বিসমিল্লাহ স্ক্রিনপ্রিন্টের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে আকস্মিকভাবে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া না গেলেও দোকান মালিক মিরাজ মিয়া ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের রিভারভিউ মার্কেটের ১ম তলায় বিসমিল্লাহ স্ক্রিনপ্রিন্টের দোকানের মালিক মিরাজ মিয়া প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি যান। রাত পৌনে ১১টার দিকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত বিসমিল্লাহ স্ক্রিনপ্রিন্টের ৪৭ নং দোকানে ছড়িয়ে পড়তে থাকে। আগুনের সংবাদে নৈশপ্রহরী ও উপস্থিত লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগে আগুনে বিসমিল্লাহ স্ক্রিনপ্রিন্টের দোকানে থাকা তৈরীকৃত কাপড় পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানে থাকা নগদ ৫০ হাজার টাকা ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, খবর পেয়ে স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রিভারভিউ মার্কেটে অগ্নিনির্বাপক কোন ব্যবস্থা নাই। নিরাপত্তা নাই বললেই চলে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। এ সময় রিভারভিউ মার্কেট কমিটির সভাপতি আব্দুর রশিদ কন্ট্রাক্টর জানান,নারায়ণগঞ্জ শহরের রিভারভিউ মার্কেট একটি গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান। এই মার্কেটে নিরাপত্তা নেই অনেকদিন ধরেই। মার্কেটের মালিক জুলহাস ও শাহজাহানের গাফিলতিতে আজ এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটল। এর আগেই এই মার্কেটে আগুনে অনেক ক্ষতি হয়েছে। এজন্য অগ্নি নির্বাপক ব্যবস্থাও করা হয়নি।


