কারাগারে লেখার প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার তুলে দিলেন ডিসি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২, ০৮:১৬ পিএম
হাতের লেখার প্রতিযোগিতার কথা আমরা কতই না শুনি। কিন্তু এবার ব্যতিক্রমী একটি লেখার প্রতিযোগিতা হয়ে গেল নারায়ণগঞ্জ জেলা কারাগারে। নানা অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত আসামীদের নিয়েই ছিল এই প্রতিযোগিতা।
জানা যায়, ৭ ডিসেম্বর সকালে কারাগারে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ২০ জন কারাবন্দী আসামী অংশগ্রহণ করেন। ২০ জনের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরষ্কার প্রদান করা হয়।
পুরষ্কার প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। মঞ্জুরুল হাফিজ বলেন, নারায়ণগঞ্জ জেলা কারাগারে নিরক্ষর বন্দীদের জন্য লেখা ও পড়া শেখানোর উদ্যোগ গ্রহণ করেছি। যারা ইতোমধ্যে লিখতে শিখেছেন তাদের নিয়ে কারা অভ্যন্তরে আজ হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আমি নিজেই বিচারক হিসেবে নম্বর প্রদান করি। অবশেষে যারা সুন্দর করে লিখতে শিখেছেন তাদেরকে পুরস্কৃত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেল সুপার মাহবুবুল আলম, সহকারী সার্জন ডা. দীপংকর ভট্টাচার্য্য, জেলার রফিকুল ইসলামসহ কারাগারের অন্যান্য কর্মকর্তারা।
এস.এ/জেসি


