আইভীর অবর্তমানে ভারপ্রাপ্ত মেয়র কে হবে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৪:২৮ পিএম
# প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কঠোর গোপনীয়তায় ভোটারদের সাথে যোগাযোগ করেছেন
সিটি করপোরেশনের প্রথম সভার ৩০ দিনের মধ্যে প্যানেল মেয়র নির্বাচন করার নিয়ম রয়েছে। কিন্তু নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ১০ মাস শেষ হওয়ার পরেও এখনো প্যানেল মেয়র নির্বাচন হয় নাই। আর এতে করে মেয়রের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে কে দায়িত্ব পালন করবে তা নিয়ে জটিলতা হয়ে আছে।
তবে আজ সেই জটিলতা কাটতে পারে। আজ হতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্যানেল মেয়র নির্বাচন হতে পারে। এদিকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ এর ২০ ধারায় উল্লেখ করা রয়েছে, সিটি করপোরেশন গঠিত হওয়ার প্রথম সভার এক মাসের মধ্যে কাউন্সিলরগণ অগ্রাধিকার ভিত্তিতে নিজেদের মধ্যে তিন সদস্যবিশিষ্ট একটি মেয়রের প্যানেল নির্বাচিত করবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে মেয়রের প্যানেল নির্বাচিত করতে ব্যর্থ হলে সরকারের পক্ষ থেকে প্যানেল মনোনীত করার বিধান রয়েছে ২০ এর ২ ধারায়। গত ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের। প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ১৪ মার্চ। এরপর চলে গেছে প্রায় সাড়ে নয় মাস। কিন্তু দীর্ঘ এই সময়ে মেয়রের প্যানেল নির্বাচিত হয়নি। তবে আজ ৩ জন সদস্য বিশিষ্ট প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে।
এখানে কাউন্সিলররা ভোটের মাধ্যমে একজন ৩ নম্বর প্যানেল মেয়র নারী কাউন্সিলরদের থেকে ভোটাররা বেছে নিবে। আর বাকি ১ ও ২ নং প্যানেল মেয়রে প্রার্থীদের থেকে ভোটাররা তাদের ভোটের মাধ্যমে নির্ধারণ করবে।
কাউন্সিলর ও কর্মকর্তারা বলছেন, আজ সভা শেষে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো কারণে সিটি করপোরেশনের দায়িত্ব পালনে মেয়র অসমর্থ বা অসুস্থ হলে পুনরায় স্থায়ী দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত ক্রমানুসারে প্যানেল মেয়র থেকে সকল দায়িত্ব পালন করার নিয়ম রয়েছে।
কিন্তু এতো দিন নির্বাচনটি না হওয়ায় মেয়রের অবর্তমানে কে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করবে তা নিয়ে জটিলতা থাকলেও আজ তা শেষ হতে যাচ্ছে? আর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহিদুল ইসলাম জানান, কাউন্সিলরদের ভোটের মাধ্যমে আজ প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। তার তথ্যমতে দীর্ঘ ৯ মাসের মাথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচন।
ইতোমধ্যেই প্যানেল মেয়র নির্বাচনের জন্য মাঠে নেমে পরেছেন সম্ভাব্য প্রার্থী তথা কাউন্সিলররা। কেউ স্বশরীরে যাচ্ছেন সহকর্মী কাউন্সিলরদের দ্বারে দ্বারে আবার কেউ ছক আকঁছেন নীরবে। শেষ পর্যন্ত কে কে প্রার্থী হিসেবে ঐ দিন থাকবেন বা থাকছেন সেটি নিয়েও তৈরী হয়েছে ধোঁয়াশা।
জানা গেছে, প্যানেল মেয়র-১ পদে এবার মেয়র আইভীর ঘনিষ্ঠ সাবেক প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা, কাউন্সিলর রুহুল আমিন এবং শামীম ওসমানপন্থী হিসেবে কাউন্সিলর আব্দুল করিম বাবু মাঠে রয়েছেন।
সূত্র বলছে, বিভা ও রুহুল আমিন শেষ পর্যন্ত প্রার্থী থাকলে সেটি সাপেবর হয়ে যেতে পারে আব্দুল করিম বাবুর ক্ষেত্রে। তবে আব্দুল করিম বাবুর সমর্থনে থাকা কাউন্সিলরদের কেউ যদি বিপক্ষ প্রার্থীকে ভোট দেন তবে রুহুল বা বিভার ললাটে জয় তিলক লাগতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সূত্র গুলো।
অপরদিকে প্যানেল মেয়র-২ পদে প্রথম দিকে সিদ্ধিরগঞ্জের কাউন্সিলর শাহজালাল বাদলের শোনা গেলেও এই পদে উঠে এসেছে আরো ৩ প্রার্থীর নাম। তার মধ্যে সাবেক প্যানেল মেয়র (২) কাউন্সিলর মনিরুজ্জামান, কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ ও অপর করোনা হিরো শওকত হাশেম শকুর নামও শোনা যাচ্ছে।
কিন্তু ইতোমধ্যে কাউন্সিলর শাহ জালাল বাদল প্যানেল মেয়র ২ পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় জয়ী হওয়ার গুঞ্জন উঠেছে। কেননা বাকিরা বসে পরার সম্ভবনা রয়েছে বলে একটি সূত্র জানান। তবে নাসিক ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু নির্বাচনে অটল আছেন। সেই সাথে তিনি জয়ের বেপারে শতভাগ আশাবাদী। কেননা তিনি মানুষের কল্যানে সেবার জন্য কাজ করে যাচ্ছেন।
এর মধ্যে মনিরুজ্জামান মনির প্রথম দিকে প্যানেল মেয়র-১ এর প্রার্থী হবেন এমনটা শোনা গেলেও আসন্ন নির্বাচনে তিনি পুনরায় প্যানেল মেয়র-২ পদে লড়তে পারেন। কাউন্সিলর শওকত হাশেম শকুও বেশ শক্ত প্রার্থী বলে মনে করছেন একাধিক সূত্র।
অপরদিকে প্যানেল মেয়র-৩ পদে আবারো অতীতের পুনরাবৃত্তি হতে চলেছে বলে জানা গেছে। গত নির্বাচনে নারী কাউন্সিলর মিনোয়ারা বেগম মিনুর সাথে নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নীর ড্র হলে সরাসরি মেয়র আইভীর ভোটে জয়ী হয়েছিলেন মিনোয়ারা মিনু।
এবার এই পদে প্রথম দিকে বন্দরের নারী কাউন্সিলর শাওন অঙ্কনের নাম শোনা গেলেও শেষ অবধি শোনা যাচ্ছে মিনোয়ার নামই। অপরদিকে নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নীর ক্ষেত্রে গতবারের ফলাফল মাথায় রেখেই কাউন্সিলররা ভোট দিবেন বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্যানেল মেয়র-১ প্রার্থী ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন বলেন, আমাদের কাছে নির্বাচনের এজেন্ডা এসেছে। আজ দুপুরে সভা শেষে সাড়ে ১২ টার দিকে নাসিক প্যানেল মেয়র নির্বাচন হতে পারে। এখানে আমি ১ নম্বর প্যানেল মেয়র হিসেবে প্রার্থী হয়েছি। সেই অনুযায়ী আমি সকলের কাছে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি দোয়া চেয়েছি। জয়ের বেপারে আমি আশাবাদি। বাকিটা আল্লাহর উপর ফায়সালা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্যানেল মেয়র-১ আরেক প্রার্থী ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, আজ নির্বাচন হওয়ার এজেন্ডা আকারে আসছে, প্যানেল মেয়র নির্বাচন আজ অনুষ্ঠিত হবে। সেখানে আমি ১ নম্বর প্যানেল মেয়র প্রার্থী হিসেবে আছি। আমি যদি ভালো কর্ম করে থাকি তাহলে ভোটাররা আমাকেই ভোট দিবে। একই সাথে আমি জয়ের বেপারে শতভাগ আশাবাদি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্যানেল মেয়র-২ পদে প্রার্থী ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, আমি মানুষের জন্য ন্যায়ের পক্ষে থেকে কাজ করেছি। সর্বদা মানুষের পাশে থেকেছি। সেই হিসেবে ২ নম্বর প্যানেল মেয়র পদে প্রার্থী হয়েছি আর সেবা করার জন্য। ভোটারদের দ্ধারে দ্ধারে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি সকলে কাছে দোয়া চেয়েছি।
তারাও আমাকে ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশস্ত করেছে। সকল জল্পনা কল্পনা শেষে আজ নির্বাচন শেষে জানা যাবে নাসিক মেয়র আইভির অবর্তমানে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে কে দায়িত্ব পালন করবে। কেননা আজ প্যানেল মেয়র ৩ পদে প্রায় ৯ জন প্রার্থী লড়াই করতে পারেন। তাদের মাঝে ভোটাররা তাদের ভোটের মাধ্যমে ৩ জনকে নির্ধারন করবেন। আর আজ অনুষ্ঠিত হবে।


