# মৌমিতা বন্ধ না হলে রাজপথে নামবো : মাসুম
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজকে উদ্দেশ্য করে বলেছেন, নারাণগঞ্জের গণপরিবহনকে একদল লোক নিয়ন্ত্রণ করছে। এখানে দিব্যি মেয়াদোত্তীর্ণ, ফিটনেসবিহীন গাড়ি চলছে, প্রশাসন কিছু বলছে না। জেলা প্রশাসক মৌমিতা পরিবহনকে বন্ধ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অথচ তিনি যখন নারায়ণগঞ্জে আসছেন তখন অনেক বড় গলায় বলেছে মেয়াদোত্তীর্ণ গাড়িগুলোকে স্টেডিয়ামের নিয়ে ডাম্পিংয়ে ফেলে দিবেন। স্টেডিয়ামের ডোবার মধ্যে নিয়ে অবৈধ গাড়ি গুলো ডুবিয়ে দিবেন বলেছেন ডিসি নিজে।
আমার মনে হচ্ছে, ধীরে ধীরে ডোবার পালা আপনারই হচ্ছে, কিন্তু গাড়ি গুলো এখনো ডুবে নাই। আপনি ব্যর্থ হয়েছেন। মৌমিতা পরিববহনের লাইসেন্স আছে সাইনবোর্ড পর্যন্ত, অথচ তারা বিনা অনুমতিতে নারায়ণগঞ্জে প্রবেশ করে শহরের পরিবেশ দূষিত করছে। এছাড়া নারায়ণগঞ্জে যানজট সৃষ্টির মূলে মৌমিতা দায়ী। আজকে নারায়ণগঞ্জে বন্ধন, আনন্দ, উৎসব. বন্ধু পরিবহনসহ বেশিভাগ পরিবহন গুলো মেয়াদোত্তীর্ণ হয়ে দিব্বি চলছে। জেলা প্রশাসক তা নিয়ে কিছুই করছেন না।
তিনি আরও বলেন, আমি জেলা প্রশাসককে আহবান জানাই আপনি মৌমিতার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। তাদেরকে শহরে প্রবেশ করা বন্ধ করতে হবে। নতুবা আমাদেরকে আবারও রাজপথে নামতে হবে। আমরা রাজপথে নামতে চাই না আপনাদের উপর আস্থা রাখতে চাই। কিন্তু আপনরা যদি আস্থার জায়গায় না থাকেন তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের ১৮তম বছর পর্দাপনে কেক কাটা উদযাপন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এই কথা বলেন।
সাংবাদিক নেতা এড. মাসুম ডিসিকে আল্টিমেটাম দিয়ে বলেন, আমি জেলা প্রশাসককে এই মুহুর্ত্বে আল্টিমেটাম দিলাম, ১৫ দিনের মাঝে আপনি যদি মৌমিতাকে বন্ধ করতে না পারেন, তাহলে আমরা রাজপথে নেমে তা বন্ধ করে দিব। সেই অবস্থা যেন সৃষ্টি না হয় আপনি ডিসি হিসেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যেটা বলবেন, সেটা করতে পারেন না কেন? আপনাকে কে বা কারা জিম্মি করে রেখেছে। কেন আপনি পরিবহন সিন্ডিকেটদের বিরুদ্ধে কাজ করতে পারছেন না। আপনি সব সময় বলে থাকেন, যেটা বলেন; সেটা করে থাকেন। তাহলে আপনি মৌমিতা পরিবহনকে বন্ধ করতে পারলেন কেন? কার সুতার টানে আপনার বলা পদক্ষেপ বন্ধ হয়ে গেল? আমরা তা বুঝতে পারি না। অন্তত নারায়ণগঞ্জের গণপরিবহনটাকে শক্ত হাতে ঠিক করে দেখিয়ে দিয়ে যান।
এর আগে জেলা প্রশাসক এই বছরে জেলা প্রশাসক হিসেবে যোগদান করে অবৈধ পরিবহনের বিরুদ্ধে অভিযান হবে জানিয়ে ঘোষণা দেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এই বছরের ২৩ জুন তালিকা সম্পন্ন করার কথা থাকলেও এখনো লাইসেন্সকৃত পরিবহনের তালিকা প্রস্তুত করা হলেও অবৈধ পরিবহনের বিরুদ্বে কোন ব্যবস্থা নেননি জেলা প্রশাসক। তার ডিসির সেই ঘোষণা নিয়ে আজকে ব্যাপক সমালোচনা করে মন্তব্য করার পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে তার প্রতিশ্রুত কথা ১৫ দিনের আল্টিমেটাম দেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম।
এদিকে জেলার সচেতনমহলের অভিযোগ, যথাযথ আইনের প্রয়োগ না থাকায় সড়কগুলোতে ফিটনেস বিহীন যানবাহন দেদারসে চলাচল করছে। বিশেষ মৌমিতা পরিবহনগুলো। এতে দিন দিন সড়ক দুর্ঘটনা ও যাত্রী সাধারণের ভোগান্তি বাড়ছে। সেই সাথে নারায়ণগঞ্জের শহর দূষিত হচ্ছে। ফিটনেসবিহীন যানবাহন চলাচলে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃপক্ষের মনিটরিং করার কথা থাকলেও এ ধরনের কার্যক্রম দেখা যায়না বললেই চলে।
ফলস্বরূপ, নিত্যদিনের দুর্ঘটনার জন্য এসব ফিটনেস বিহীন যানবাহনসহ লাইসেন্সবিহীন অদক্ষ চালক দায়ী করছে নগরবাসী। এই অবস্থাকে পরিবর্তন করতে হলে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। প্রশাসনের সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে। সেই সাথে গণমাধ্যমকে সম্পৃক্ত করতে হবে। সেই সাথে সকলকে নিয়ে সুন্দর শহর গড়ে তুলতে হবে।
এস.এ/জেসি


