জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন করলেন ডিসি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন করলেন ডিসি
তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা-২০২৬’-এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিজ্ঞান উৎসবের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। সদর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গণ। এছাড়া স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এ ধরনের সৃজনশীল আয়োজনের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে এই মেলা ও অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তির সঠিক ব্যবহারই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের হাতে তৈরি বৈচিত্র্যময় ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। ছোট ছোট বিজ্ঞানীদের স্টলগুলো ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং তাদের কাজের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজক সূত্রে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ করে দিতেই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে প্রতি বছর এই আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে। দিনব্যাপী চলা এই বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভীড় জমিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের নতুন সব আবিষ্কার প্রত্যক্ষ করেন।


