আবারও ফুটপাত দখল করে আগের রূপে ফিরছে হকাররা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:০০ এএম
নারায়ণগঞ্জ শহরের ফুটপাতে বসার লক্ষ্যে দিন দিন হকারদের দৌরাত্ম্য যেন বেড়েই চলছে। তারা ফুটপাতে বসার দাবীতে প্রতিদিনই পুরো শহরজুড়ে মিছিল করছেন। শুধু তাই নয়, হকার উচ্ছেদ যারা বদ্ধপরিকর হিসেবে কাজ করছে উল্টো তাদেরকে আরো হুমকি দিচ্ছে হকাররা। নারায়ণগঞ্জের এই হকাররা বিভিন্ন জেলা থেকে আসলেও নারায়ণগঞ্জের জনপ্রতিনিধি ও স্থানীয়দেরকে কোনরকম তোয়াক্কা না করে আবারও আগের রূপে ফেরার পায়তারা করছে তারা। একই সাথে নিজেদেরকে বেপোরোয়া হিসেবে জাহির করার চেষ্টা করছেন। ফুটপাতে বসতে দেয়া যেন তাদের অধিকার হিসেবে আবির্ভাব হয়েছে। তারা জনসাধারণের ভোগান্তির কোনো ভ্রুক্ষেপ না করেই নিজেদের সুবিধার্থে ফুটপাতে বসার জন্য যেন দিন দিন মরিয়া হয়ে উঠতে চাচ্ছেন।
গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে হকাররা চাষাঢ়া শহীদ মিনার থেকে মিছিল বের করে নগর ভবনের সামনে বিক্ষোভ করে এবং পুনর্বাসনের দাবি জানায়। হকারদের মতে, কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদের ফলে হাজারো হকার কর্মহীন হয়ে পড়েছেন এবং পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এরপর ২৬ এপ্রিল হকার ঐক্য পরিষদ ব্যানারে রাস্তায় নেমে মিছিল করে হকাররা।
সর্বশেষ ২৯ এপ্রিল, ৩০ এপ্রিল, ২ মে আবারো মিছিল নিয়ে বের হয় এবং ভাত দে, কাপর দে, নইলে হকার বসতে দে এমন স্লোগান দিয়েই প্রতিনিয়তই আন্দোলন করে যাচ্ছেন। হকারদের একাংশ জানিয়েছেন, বিকল্প ব্যবস্থা না থাকায় তারা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে আবারো ফুটপাতে বসার চেষ্টা করছেন। সামনে ঈদ থাকায় তারা সুযোগ নেয়ার চেষ্টাও করছেন বলে জানা যায়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান কঠোর অবস্থান নিয়েছেন এবং জানিয়েছেন যে, ফুটপাত দখল করে কোনো ধরনের ব্যবসা করতে দেওয়া হবে না। হকারদের উচ্ছেদের পর নগরবাসী সাময়িক স্বস্তি পেলেও, তাদের আবারো রাস্তা দখলের প্রচেষ্টায় জনভোগান্তি ও যানজটের শঙ্কা থেকে যাচ্ছে। তারা যেন কাউকেই তোয়াক্কা করছেন না।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্দেশনায় প্রতিনিয়তই ম্যাজিস্ট্রেট, পুলিশ কিংবা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উচ্ছেদ চালাতেও তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আবারও বসছে।
দিন যত যাচ্ছে হকাররা আবারও ফুটপাতে বসতে মরিয়া হয়ে উঠেছে। ইতিমধ্যেই হকারদের এমন কর্মকাণ্ডের নারায়ণগঞ্জের মানুষ অনেকটাই অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই তারা মনে করছেন, প্রশাসন যদি আরও শক্ত ব্যবস্থা গ্রহণ করে তাহলে তারা হয়তো আর নতুন করে বসার সুযোগ পাবেনা।


