সমালোচনা উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে শেষ হলো নবীন বরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:০০ এএম
সমালোচনা উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে শেষ হলো নবীন বরণ
নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে নবীন বরণ উৎসব। তবে, দিনভর ছাত্র সংগঠনের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য ও উত্তেজনা ছিল এ আয়োজনকে ঘিরে। শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনাও ঘটেছে। গতকাল শুক্রবার (৮ মে) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে নবীন বরণ উৎসব শুরু হয়। শিক্ষার্থী, ছাত্রনেতা, অতিথিদের বক্তব্য ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সন্ধ্যায় শেষ হয় এ আয়োজন। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের।
প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক হুমায়ুন কবীর, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি,
মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ। তবে, এ আয়োজনকে ঘিরে কয়েকদিন ধরেই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। অনুষ্ঠানসূচি ও অতিথিদের তালিকা নিয়ে ছাত্র সংগঠনগুলো দুইভাগ হয়ে পড়ে। ক্ষমতাসীন দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নেতারা শুক্রবার অনুষ্ঠান আয়োজনের পক্ষে থাকলেও ইসলামী ছাত্র শিবির, জাতীয় ছাত্রশক্তি,
ইসলামী ছাত্র আন্দোলনসহ কয়েকটি ছাত্র সংগঠন জুমার দিন অনুষ্ঠানটি আয়োজনের বিপক্ষে ছিলেন। তবে সকল কিছু ছাপিয়ে আলোচনা সমালোচনার মধ্য দিয়ে শেষ হলো তোলারাম কলেজ ২৬ নবীন বরন উৎসব। সকল রাজনৈতিক নেতাদের নাম ব্যানারে উল্লেখ না থাকলেও ছাত্র সংগঠনের প্রত্যেকটি দলের নেতৃবৃন্দদের মধ্য থেকে একজনকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আর সেই বক্তব্যের মধ্যে অনেকেই তোলারাম কলেজের অব্যবস্থাপনা দলীয়করণের প্রভাবসহ নানান সমস্যা তুলে ধরেন। উপস্থিত নেতাকর্মীরাও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য আমলে নিয়ে তারাও এর সমর্থন করেছেন এবং জানিয়েছেন আগামীতে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যেকোনো প্রোগ্রাম বাস্তবায়ন করা হবে।


