মাসুদের কাছে চাঁদাবাজদের তালিকা চাইলেন আজাদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
নারায়ণগঞ্জের শীর্ষ গার্মেন্ট ব্যবসায়ী মডেল মাসুদের সাম্প্রতিক সময়ের একটি বক্তব্যকে ঘিরে সরকারী দল, প্রশাসন এবং সুধীমহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন পর মাসুদুজ্জামানের বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।এর আগেও বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের আগে চব্বিশের ৫ আগস্টের পর চেম্বার অব কমার্সের এক সভায় চাঁদাবাজদের নিয়ে নাম প্রকাশ না করে চাঁদা দেওয়ার কথা বলে আলোচনা তৈরি করেন মাসুদ। পরবর্তীতে চাঁদার টাকা ফেরত এনেছেন বলে জানান তিনি। তবে কে চাঁদা নিলো, কি কারণে চাঁদা নিলো, চাঁদা ফেরত দিলো কে? এসব বিষয়ে গোয়েন্দাসংস্থা, সুধী সমাজ, সাংবাদিকরা প্রশ্ন তুললেও সেসময় উত্তর দেননি তিনি। এবার চলমান শ্রমিক আন্দোলনের মধ্যেই আবারও চাঁদাবাজির প্রসঙ্গে মাসুদুজ্জামানের দেয়া বক্তব্য নিয়ে কানাঘুষা চলছে। এনিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহল থেকে সর্বমহলে। এরপরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা মিটিংয়ে প্রভাবশালী সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ সরাসরি মাসুদকে উদ্দেশ্য করে তার দাবি করা বক্তব্যের চাঁদাবাজাদের নাম জানতে চাইলেন।
গত ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংরোড শিবু মার্কেট এলাকায় গার্মেন্টস শ্রমিকরা ৩০ হাজার টাকা বেতনের দাবীতে আন্দোলন করে। চলমান এই আন্দোলনের পরপর ৫ নভেম্বর চেম্বার অব কমার্সের এক মতবিনিময় সভায় সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ বলেন, ‘অনেকেই অনেক বড় বড় কথা বলেন। আপনাদের টাকা না দিলে শ্রমিকদের বেতন ৩০ হাজার নয় শুধু ৪০ হাজার টাকা দিতে পারবো। আমাদের ওয়ান স্টপ সার্ভিস দেন, শ্রমিকের কত টাকা বেতন দিতে হয় আমরা দিবো। অমুকের প্রতিষ্ঠাবার্ষিকী, অমুকের জন্মদিন, কাস্টমসের অমুক টাকা, এনবিআরের অমুক টাকা দিতে হয়। যেখানেই কাগজ লাগে, সেখানেই টাকা দিতে হয়। এত টাকা দিতে দিতে মালিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, যে কারণে আমরা দিতে পারি না। আমাদের কোথায় টাকা দিতে না হয়! বছরে কোটি কোটি টাকা দিতে হয়। এই টাকা আমার শ্রমিকদের দিতে পারতাম ।’ মাসুদুজ্জামানের এমন দাবির পর এটি সারাদেশে ব্যাপক আলোচনা শুরু হয়।
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল ৮ নভেম্বর জেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভায় নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ মাসুদুজ্জামানের বক্তব্যকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা উস্কানি দেয়ার জন্য, অনেকে অনেক কিছু বলি, আবার ইমোশনালি, অনেক কথা বলি। যে কোন বাক্য বলার আগে পরিবেশ পরিস্থিতির সাথে চিন্তা করে বুঝে শুনে, যে কোন আলোচনা বা বাক্য বলতে হবে। আমাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্পেশাল কোন সার্ভিস প্রস্তাব করতে পারেন। কিন্তু কিছু কিছু বাক্য এসেছে প্রতিষ্ঠাবার্ষিকী, তারপরে জন্মদিন। আমি জানিনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার এরকম কোনো টাকা-পয়সা আমাদের দলকে বা দলের নেতৃবৃন্দকে দিতে হয় বলে আমার জানা নেই। যদি আসলে এরকম কোনো কিছু থাকে তাহলে আমি ওই নির্দিষ্ট ব্যক্তির কাছে একটু জানতে চাই যে, কারা চাচ্ছে তাদের নাম একটু মেনশন করে বলুন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ওদের বিরুদ্ধে প্রোপার ব্যবস্থা নেব। কিন্তু ব্যাসিকেলি এরকম কথা বলা যাবে না।
প্রভাবশালী সংসদ সদস্য আজাদ আরো বলেন, আমি বলতে চাই ৩০ হাজার টাকা, ৪০ হাজার কিংবা ৬০ হাজার টাকা বেতন কোন ইস্যু না। এই কথাটা কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য নাও হতে পারে। আর যে বাক্যটা শ্রমিকদের উদ্দেশ্যে বলেছেন, আপনি সেই বাক্যটার ইমপ্লিমেন্ট যদি করতে পারেন। তিনি বলেন, খুব হাই গ্রেডের বায়ারের কাজ বাংলাদেশে ততোটা আসে না। আমাদের গার্মেন্টসগুলোতে যে প্রাইস পায় সেটা খুবই কম্পিটিটিপ (প্রতিযোগিতামূলক)। আমরা মনে হয় শ্রমিকদের বেতন এত বেশি দেয়া গার্মেন্টস মালিকদের কষ্ট হবে। আর শ্রমিকদেরকে যে বাক্যটা তাদের উদ্দেশ্যে বলেছেন আপনি যদি নিজে সেই বাক্যটা ইমপ্রিমেন্ট করতে পারেন, আপনি আপনাকে দিয়ে শুরু করেন, তারপর আমরা যারা অন্যান্য মালিকপক্ষ আছে, আমি সহ সবাইকে নিয়ে শুরু করবো। আপনি একটু উদাহরণ হন না! আপনি উদাহরণ হলে, আমরা আপনার পেছন পেছন হাঁটবো। কাউকে হেয় করার জন্য নিজের ইমোশনকে কাজের লাগানোর জন্য বা কোন উস্কানি দেয়ার জন্য, আমরা কেউই বলবো না। সকল শ্রমিকদের জন্য যেটি যুক্তিযুক্ত উচিত সেটাই করবো।’
এদিকে পুলিশ সুপার হাবিবুর রহমান হাবিব বলেন, ‘এই আন্দোলনে ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ’র ভূমিকা অত্যন্ত দুঃখজনক। তাদের আমরা কোনভাবেই পাশে পেলামনা। যদি নির্দিষ্ট কোন দলের প্রতি তাদের ভালোবাসা থেকে থাকে, তারাও কিছু কিছু ক্ষেত্রে হেল্প করেছে। শ্রমিকদের মধ্যে যারা বিভিন্ন গার্মেন্টে উস্কানি দিচ্ছে তাদের তালিকাও আমরা তৈরি করছি। বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের ব্যবসায়ীদের তালিকা আমাদের দিতে হবে, তাদের ব্যাকগ্রাউন্ডগুলো খতিয়ে দেখতে চাই।’
এদিকে বিএনপি সরকার গঠনের আগে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে অর্থাৎ চব্বিশের গণঅভ্যুত্থানের পর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এসময় শেখ হাসিনা ও তার দলের শীর্ষ নেতারা পালিয়ে যায়। নারায়ণগঞ্জেও কুখ্যাত ওসমান পরিবারের সদস্যরাও পালিয়ে যায়। শামীম ওসমান, সেলিম ওসমানসহ তার দলবল আত্মগোপন করে এবং পালিয়ে যায়। তবে পরিস্থিতি নরম্যাল হলে ফতুল্লায় সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম এ্যাটায়ার্স চলতে থাকে। ওই সময়ে নারায়ণগঞ্জের কিছু বিএনপি নেতার শেল্টারে উইজডম চালু থাকে। পরিস্থিতির উন্নতি হলে উইজডর্মে সেলিম ওসমান আসতে থাকে। সূত্র জানিয়েছে, হাসিনা সরকার পতনের পর থেকে সেলিম ওসমান মাঝে মাঝেই উইজডমে আসতো, অফিস করতো এবং নিরাপদে চলে যেতো। সেলিম ওসমান যে নারায়ণগঞ্জে এসে উইজডমে এসে ব্যবসা পরিচালনা করতো কিংবা ব্যবসা চালাচ্ছেন তা নারায়ণগঞ্জের একজন শিল্পপতির সরাসরি সহযোগিতা রয়েছে। ওই শিল্পপতি নিজেই সরাসরি এই শেল্টারের সাথে জড়িত।
তার এই জড়িত থাকার বিষয়টি গোয়েন্দা সংস্থা, বিএনপির হাইকমান্ড পুরোপুরি ওয়াকিবহাল হয়, এবং তারা জানতে পারে দীর্ঘ সময় ধরেই ওই ব্যবসায়ী সেলিম ওসমানকে এই সহযোগিতা করে আসছিল। নারায়ণগঞ্জের ব্যবসায়ী সংগঠনগুলোতে ৫ আগস্টের রদ-বদলে সেলিম ওসমানের প্রেসক্রিপশন এবং মনোনিত ব্যক্তিদের পদে বসানোর নেপথ্যেও ওই ব্যবসায়ী প্রত্যক্ষ সক্রিয় ভূমিকা রেখেছেন। এসব চলতে থাকার সুযোগ পাওয়াতে সারা নারায়ণগঞ্জের মধ্যে শুধুমাত্র ফতুল্লা এলাকার শিবু মার্কেট অংশে শ্রমিক আন্দোলনের আড়ালে ভিন্ন কিছু করার অপচেষ্টা করা হয়। পুলিশের তদন্তে এবং দায়ের করা মামলাতেও নির্দিষ্ট কিছু ব্যবসায়ী গার্মেন্ট এবং ব্যক্তির নাম উঠে আসে। তাদের ব্যাপারে ব্যাপক তদন্ত চলছে। এরমধ্যেই ব্যবসায়ী মাসুদের বক্তব্য ভাইরাল হয় সারাদেশে। এরই প্রতিউত্তর করেন প্রভাবশালী সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
তিনি বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক দায়িত্বে রয়েছে। বিপরীতে মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ ২০২৫ সালের ২৩ আগস্ট নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন।
পরবর্তীতে ৩ নভেম্বর ২০২৫ সালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। ব্যক্তিগত কারণ ও নিরাপত্তার শঙ্কা দেখিয়ে একই বছরের ১৬ ডিসেম্বর ২০২৫ সালে তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দেন। সেই হিসেবে দুজনেই সরকারী দলীয় বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। তাদের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে এখন তুমুল আলোচনার ঝড় বইছে।


