Logo
Logo
×

নগর জুড়ে

লিজকৃত জমির ‘বাকবণ্ডিতায়’

জমিয়ত নেতা ফেরদৌসুরকে পেটালো ছাত্রদল নেতারা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

জমিয়ত নেতা ফেরদৌসুরকে পেটালো ছাত্রদল নেতারা
Swapno

চাষাড়া-পঞ্চবটি রোডের জামতলা এলাকায় জেলা পরিষদের জমির লিজ নিয়ে ‘বাকবন্ডিতার’ এক পর্যায়ে জেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানকে পেটালেন ছাত্রদল নেতারা। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনে সেই হেফাজত নেতাকে মারধর করা হয়। এই ঘটনায় মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীবের নির্দেশনায় তারই কর্মী অনিক ও তোফায়েলসহ আরো একাধিক ছাত্রদল নেতা তার উপরে হামলা করেছে এমনই অভিযোগ ফেরদাউসুর রহমানের। ইতিমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।



ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় , সদর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অনিক হোসেন প্রকাশ্যেই হেফাজত নেতাকে গডফাদার শামীম ওসমানের ছোট ভাই আখ্যা দিয়ে এলোপাতারী কিল-ঘুষি মারছেন। একই সাথে তার পাশে থাকা তোলারাম কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ অপু, ছাত্রদলের কর্মী তোলারাম কলেজের স্নাতক বাংলা বিভাগের ছাত্র তুহিন আহমেদসহ ১০/১২ জন হেফাজত নেতা ফেরদাউসকে মেরে তার পরনে থাকা পাঞ্জাবী, ভিতরে থাকা গেঞ্জি ছিঁড়ে ফেলে এবং তাকে মাথায় থাপ্পর-লাথি দিতে দিতে তাকে সেখান থেকে বের করে দিচ্ছেন।



হামলার শিকার ফেরদাউসুর রহমান বলেন, ওই এলাকায় জেলা পরিষদের একটি জমি লিজ নিয়েছেন তিনি। লিজ নেওয়া জমিতে একটি পাঠাগার ও দোকান নির্মাণের পরিকল্পনা রয়েছে তার। সেখানে নির্মাণকাজ করতে গেলে স্থানীয় ছাত্রদলের কয়েকজন নেতা চাঁদা দাবি করেন। একইসঙ্গে দোকানের একটি অংশ তাদের তত্ত্বাবধানে দিতে হবে বলেও দাবি করা হয়। এই প্রস্তাবে সম্মতি না দেওয়ায় আমার ওপর হামলা করা হয়।



তিনি বলেন, হামলায় সদর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অনিক হোসেন, সরকারি তোলারাম কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ অপুসহ অন্তত ২০ থেকে ২৫ জন নেতাকর্মী অংশ নেন বলে অভিযোগ ফেরদাউসুরের।
এদিকে সূত্র জানিয়েছে, গত (১২ ফেব্রুয়ারী) নির্বাচনের পর নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা লিজ ছাড়াই চাষাড়া ডাক বাংলো থেকে জামাতলা হিরা কমিউনিটি সেন্টার পর্যন্ত দখলে রেখেছিলেন তাদের কাছ থেকে জমি দখলমুক্ত করেন স্থানীয় ছাত্রদল নেতারা। একই সাথে এই জমি জেলা পরিষদের দায়িত্বে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ পেলেই তার কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকেই এই জমির লিজ নিতে দৌড়ঝাঁপ শুরু করেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক মাওলানা ফেরদাউস। এমনকি সে নানা লবিংয়ের মাধ্যমে সে লিজ পেতে সক্ষম হয়।



এদিকে সূত্র আরো জানিয়েছে, লিজ দেওয়ার সাথে সাথে প্রশাসক মামুন মাহমুদ দখলমুক্ত করা সেই ছাত্রদল নেতাদের তার সাথে রাখার নির্দেশ দেন। সেখান থেকে সে তা মেনে আসলেও কিছুদিন যাবৎ ছাত্রদল নেতাদের অনীহা এবং জমিয়ত নেতা মুফতি মনির হোসাইন কাসেমী সাহেব এই জমির দায়িত্বে এমনটা বলে ছাত্রদল নেতাদের তাড়িয়ে দেয়। একই সাথে গতকাল মুফতি মনির হোসাইন কাসেমীসহ কয়েকজনকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন ফেরদাউস। এদিকে অনুষ্ঠানের আগেই ছাত্রদল নেতারর আবারো তার কাছে জমির কোন সাইডে তাদের দোকানের জন্য জায়গা দেওয়া হবে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে পরেন। এমতা অবস্থায় ছাত্রদল নেতারা তার উপর ঝাঁপিয়ে পরেন। এমনটাই জানিয়েছে সূত্র।



এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীব বলেন, এই বিষয়ে কি থেকে কি হয়েছে আমি কিছুই অবগত নয়। কেন ফেরদৌস সাহেব আমার নাম বলতাছে এটা ও আমি অবগত নয়। তিনি বলেন, একটি গোলা ভিডিওতে আমি দেখতে পেলাম তাকে মারধর করা হচ্ছে। কিন্তু এর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিছুই জানি না। ওনার সাথে আমার সম্পর্ক খুবই ভালো। অভিযোগকৃত সদর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অনিক হোসেন বলেন, ফেরদাউসুর রহমান ফ্যাসিস্টের দোসর। তার সঙ্গে এ নিয়ে তর্কবিতর্ক হয়েছে। চাঁদা বা অন্য যেসব বিষয়ে তিনি অভিযোগ করছেন, তা মিথ্যা। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মাহবুব আলম। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন