Logo
Logo
×

নগর জুড়ে

বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা
Swapno

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সমালোচনা করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। জামায়াতে ইসলামীকে নিয়ে খতিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, এ বিষয়ে তার তওবা করা উচিত। একই সঙ্গে বাবুনগরীর সাম্প্রতিক বক্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলা পৌরসভা ফুটবল মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন আমির হামজা।



বায়তুল মোকাররমের খতিবের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘খতিব সাহেব ফতোয়া দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যারা যায় তারা গোমরাহ। তাহলে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কি গোমরাহ ছিলেন? আপনার তওবা করা উচিত।’ জামায়াতে ইসলামীর সাংগঠনিক পদ্ধতিতে ভুল থাকতে পারে উল্লেখ করে আমির হামজা বলেন, যারা আন্তরিকভাবে দলটি করেন, তাদের নিষ্ঠায় কোনো ঘাটতি নেই। তার ভাষ্য, ‘যারা মন থেকে জামায়াতে ইসলামী করে, তাদের নিষ্ঠায় কোনো ভুল নেই। তাহলে ফাঁসির দড়ি গলায় নিত না।’



হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের সমালোচনা করে আমির হামজা বলেন, ‘মুরুব্বি ইদানীং খারাপ কথা বলেন। এত নিকৃষ্ট শব্দ উনার মুখ দিয়ে আসে, উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন? এরকম মুরুব্বি, যার কথা ঠিক নেই, মাথা ঠিক নেই, তাকে বাড়িতে বসিয়ে চিকিৎসা করান।’ বাবুনগরী তাকে ও মামুনুল হককে নিয়ে কটূক্তি করেছেন বলেও অভিযোগ করেন আমির হামজা। তিনি বলেন, বাবুনগরী মামুনুল হক ও তাকে গালিগালাজ করেছেন। তার দাবি, যে পরিচয়ে তাকে গালি দেওয়া হয়েছে, তিনি তা না হলে একই ধরনের কথা বাবুনগরীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।



ওয়াজ মাহফিলে বাধা দেওয়া এবং তাকে বিতর্কিত বলার বিষয়েও বক্তব্য দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, যারা মাহফিলে বাধা দেন, তারা কাফের। নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগে তাকে নিয়ে এ ধরনের সমালোচনা ছিল না বলেও দাবি করেন তিনি। আমির হামজা আরও বলেন, যারা তাদের ভুল ধরেন, তাদের নিজেদের ভুলেরও শেষ নেই।



এর আগে আমির হামজার এই মাহফিলে অংশগ্রহণ নিয়ে বন্দরের স্থানীয় আলেম-ওলামাদের একাংশ আপত্তি জানালে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে ১৬ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানানো হয়, আমির হামজা নির্ধারিত মাহফিলে অংশ নেবেন।



জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মাঈনউদ্দিন আহমদ, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন