নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন
না.গঞ্জে প্রভাব নেই, জনজীবন স্বাভাবিক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে নারায়ণগঞ্জে তেমন কোন প্রভাব পড়েনি, জনজীবন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। গতকাল (১৯ নভেম্বর) সকাল থেকেই শহরের চাষাঢ়া, ফতুল্লা ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ও জনজীবন স্বাভাবিক রয়েছে। তবে জেলার সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাত থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পাহারা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন উপজেলা ও সদর এলাকায় অবস্থান নিয়ে মাঠে রয়েছেন তাঁরা। গতকাল সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে যান চলাচল ও জনজীবন স্বাভাবিক থাকার চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই চাষাঢ়া মোড়, ফতুল্লা ও লিংক রোডে বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেও কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা প্রতিদিনের মতো নিজ নিজ গন্তব্যে যাতায়াত করছেন। শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও স্বাভাবিকভাবে খুলেছে। লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় অবস্থান নেন। বৃহস্পতিবার সকাল থেকেও সদরসহ জেলার বিভিন্ন উপজেলায় তাঁদের মাঠে থাকতে দেখা গেছে।
অন্যদিকে, বৃহস্পতিবার ভোরে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় এশিয়ান হাইওয়েতে একটি খড়বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। দিনাজপুর থেকে আসা ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে চালক ও তাঁর সহকারী ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রাকে থাকা খড় পুড়ে যায়। এ ছাড়া সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় ‘মামা ভাগিনা পরিবহনের’ (পাহাড়িকা) একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটি রাজধানীর সায়েদাবাদ থেকে গৌরীপুরের উদ্দেশে যাচ্ছিল। পথে কাঁচপুর সেতু এলাকায় যাত্রী তোলার সময় যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা বাসটির পেছনের অংশে আগুন ধরিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, ‘যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে আগুনের ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরানো হয়েছে।’
এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সকাল থেকেই চাষাঢ়াসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের বাড়তি টহল ও উপস্থিতি লক্ষ্য করা গেছে। সোনারগাঁয়ে পৃথক দুটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেও নগরজীবনে লকডাউন কর্মসূচির বড় ধরনের কোনো প্রভাব দেখা যায়নি।
এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টার দিকে ফতুল্লায় বিএনপির একটি স্থায়ী কার্যালয়ে জানালার ফাঁক দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে কার্যালয়ের দুটি চেয়ার ও জানালার পর্দা পুড়ে গেছে। সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালখাঁ এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। ফতুল্লা থানা বিএনপির সহকোষাধ্যক্ষ তৈয়বুর রহমান বলেন, ‘রাতে আমরা নেতাকর্মীদের নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পাহারার দায়িত্বে ছিলাম। এ সুযোগে দুর্বৃত্তরা আমাদের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কার্যালয়ের বেশ কয়েকটি চেয়ার পুড়ে যায়।’ এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এরআগে বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লার জামতলা এলাকায় সাবেক এমপি শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সরকারি কদমরসুল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান রিফাতের নেতৃত্বে ছাত্রদল নেতা রায়হান, মুক্তার সহ ১৫/২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।মোহাম্মদ আতিকুর রহমান রিফাত বলেন, ‘যারা নাশকতা করে জনগনের জানমাল ক্ষতি করবে তাদের বিরুদ্ধে ছাত্রদল কঠোর প্রতিবাদ করবে। নাশকতাকারীদের রুখে দাড়াবে ছাত্রদল।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বলেন, ‘জামতলায় সাবেক এমপির বাড়িতে আগুন দেয়ার বিষয়টি জানার পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের ফোর্স। এদিকে আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলায় ৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৪ প্লাটুন আনসার এবং প্রায় ৭৫০ পুলিশ সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আটটি টহল দল মাঠে রয়েছে। আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে এসব প্রস্তুতির তথ্য জানানো হয়।


