Logo
Logo
×

নগর জুড়ে

মতলববাজদের খপ্পরে না.গঞ্জ!

Icon

ফরিদ আহমেদ রবি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

মতলববাজদের খপ্পরে না.গঞ্জ!
Swapno

বিভিন্ন নাগরিক সুবিধাবঞ্চিত নারায়ণগঞ্জকে বসবাস উপযোগী করে তুলতে সাধারণ মানুষ দীর্ঘদিন যাবত দাবি জানিয়ে আসছে। নিয়মতান্ত্রিক আন্দোলন সহ নানামুখী কর্মসূচি পালিত হচ্ছে নিয়মিত।এসব কার্যক্রম খুব বেশি ফল বয়ে আনছে এমনটি বলা না গেলেও  একেবারেই কিছু হচ্ছে না তাও বলা যাবে না। কিছু কিছু কার্যক্রম অন্ততঃ শুরু হয়েছে বলা যায়।এমন লক্ষণে নারায়ণগঞ্জবাসী কিছুটা  আশার আলো দেখতে পেলেও একটি মহল মোটেই খুশি হতে পারছে না। লক্ষ্যনীয় বিষয় হলো,নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নে একটি পক্ষ সবসময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিরোধিতা করে আসছে। তাদের কারণে উন্নয়নমূলক প্রতিটি কাজ বিলম্বিত নয়তো ব্যাহত হচ্ছে।বিরোধিতার মূল কারণ উন্নয়নের ফলে অবৈধ রোজগার বন্ধ হওয়ার আশঙ্কা,এটি বুঝতে গবেষণার দরকার হয় না।



ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থে সাধারণ মানুষকে ভুল বুঝাতে  সামনে আনা হয় স্পর্শকাতর কিছু ইস্যু।এসব বিরোধিতামূলক কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিচ্ছে মুখোশধারী কিছু মতলববাজ।এরা হকার উচ্ছেদ, অবৈধ অটোরিকশা জব্দের বিরোধিতায় আন্দোলনে নামেন সংশ্লিষ্ট খাতে সম্পৃক্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমজীবী মানুষের  আপনজনের মুখোশ পরে।অথচ পূণর্বাসন কাজে এরা এগিয়ে আসেনা।এর পিছনে থাকে লক্ষ লক্ষ টাকার চাঁদা বানিজ্য। ঢাকা নারায়ণগঞ্জ রেলপথ উন্নয়ন কাজের বিরোধিতা করে চলেছেন এই মহলটি যানজটের খোঁড়া যুক্তি দেখিয়ে, এখানেও রয়েছে পরিবহন খাত থেকে কোটি কোটি টাকার চাঁদা বানিজ্য। সহজ কথায় মতলববাজদের কুমতলবে নারায়ণগঞ্জ বঞ্চিত হচ্ছে অনেক ন্যায্য প্রাপ্তি থেকে,বিঘ্নিত হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড।




এসব মতলববাজ কখন যে কোন মতলব হাসিলে কোন রূপে হাজির হবে তা বোঝা দায়।অনেকের সামাজিক মর্যাদা এবং সুশীল অবয়বের কারণে সাধারণ মানুষ সহজেই প্রতারিত হয়ে তাদের পাতা ফাঁদে পা দেয়। উন্নয়ন,সংস্কার,পরিষেবা মূলক কার্যক্রম নিম্নমুখী হওয়ায় নারায়ণগঞ্জবাসীর স্বতঃস্ফূর্ত কর্মসূচিতে নীতিনির্ধারক মহলের খুব বেশি টনক নড়ছে এমনটি বলা না গেলেও কিছু কিছু কার্যক্রম মতলববাজ শ্রেণীর কারণে বিঘ্নিত হচ্ছে একথা নির্দ্বিধায় বলা যায়। নির্মানাধীন কদম রসুল সেতু প্রকল্প এর জ্বলন্ত প্রমাণ।নির্মাণ কাজ শুরুর আগে থেকেই বিভিন্ন ভাবে চেষ্টা করা হয় যাতে নির্ধারিত স্হানে সেতুটি নির্মিত না হয়।অনেক চড়াই উতরাই পেরিয়ে কাজ শুরু হলে দেখা দেয় আরেক বিপত্তি।পশ্চিম প্রান্তে ওঠানামার সংযোগ সড়কের অবস্থান নিয়ে বিরোধিতা শুরু হয়।কারণ স্বরূপ  সামনে আনা হয় বেশকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার কল্পিত সম্ভাবনাকে। রেলওয়ের জায়গায় উক্ত সংযোগ সড়ক নির্মিত হলে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, তারপরও বিরোধিতার মূল কারণ, রেলওয়ের উক্ত জায়গায় অবস্হিত অস্হায়ী মার্কেট যা টিকিয়ে রাখার স্বার্থেই এই ষড়যন্ত্র।রেলওয়ে এবং সিটি কর্পোরেশনের মধ্যে জমি হস্তান্তর প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন না হলেও চলমান রয়েছে।



বেশকিছু জটিলতা স্বত্বেও সেতুর পাইলিং কাজ শুরু হয়,এজন্য প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয় স্হানীয় সাংসদ,প্রশাসন এবং সিটি কর্পোরেশন প্রশাসকের সার্বিক তত্ত্বাবধান ও কার্যকর ভূমিকায়। পাইলিং যখন সমাপ্ত হওয়ার পথে ঠিক সেই মুহূর্তে কালিরবাজারে দেখা দিয়েছে বিপত্তি।এখানে রয়েছে একটি মাজার।স্থানীয় প্রশাসন (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন)এবং সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কদম রসুল সেতুর সংযোগ সড়কের মুখে (কালিরবাজার/চারারগোপ এলাকায়) অবস্থিত স্থাপনাটি কোনো প্রাচীন বা স্বীকৃত মাজার নয়। সিটি কর্পোরেশনের প্রশাসক দাবি করেছেন যে, সেখানে প্রকৃতপক্ষে কারো কবর নেই এবং প্রকল্পের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার উদ্দেশ্যেই এটি তৈরি করা হয়েছিল।এখানেও মতলববাজদের উপস্হিতি  নিয়ে আশঙ্কিত এলাকাবাসী।মাজার ইস্যুটি এতদিনেও সমাধান না হওয়ায় এমন আশঙ্কা।নকশা অনুযায়ী দীর্ঘদিন ধরে চলমান পাইলিং কাজের একটি অবস্থান যে মাজার অঞ্চল তা জানা থাকা সত্ত্বেও সমস্যাটির সমাধান কেন আগে হলো না তা সত্যিই বিস্ময়কর! কোন বিতর্কে  না গিয়ে মাজারের অস্তিত্ব মেনে নিয়েও প্রশ্ন তোলা যায় মাজারের এ অবস্থান কি স্থানান্তর যোগ্য নয়? ধর্মীয় বিধান অনুযায়ী কবর বা মাজার স্থানান্তরযোগ্য।



মুশকিল হলো যারা ধার্মিক নয় তারাও ধর্মীয় ইস্যুতে উত্তপ্ত হতে খুব বেশি সময় নেয় না, তাই মাজার ইস্যুটির সমাধান যত দ্রুত সম্ভব করা উচিত নয়তো মতলববাজগণ এই সুযোগ কাজে লাগিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করতে চাইবে।যেসব মতলববাজ দীর্ঘদিন যাবত নানা অজুহাতে কদম রসুল সেতু নির্মাণের বিরোধিতা করে আসছে শুধুমাত্র অবৈধ রোজগার বন্ধ হওয়ার আশঙ্কায় তারাও বাড়তি কিছু সময় পাবে যাতে অর্থযোগ ও চাঁদাবানিজ্য আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে।এমন অবস্থায় সবাই চাইছে স্হানীয় সাংসদ, সিটি কর্পোরেশনের প্রশাসক সহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রচেষ্টায় বিষয়টির দ্রুত সমাধান, যাতে চলমান কাজ বিঘ্নিত বা বিলম্বিত না হয়। তেমনটি না হলে তা হবে নারায়ণগঞ্জ বাসীর জন্য অত্যন্ত লজ্জাজনক।




বিভিন্ন উন্নয়ন কাজে উদ্দেশ্যনূলক ভাবে বিরোধিতার উল্লেখিত ঘটনা সমূহ প্রমাণ করে নারায়ণগঞ্জ পরিণত হয়েছে মতলববাজদের স্বর্গরাজ্যে!সমাজের প্রতিটি স্তরে এদের উপস্হিতি লক্ষ্য করা যায়।ব্যক্তি স্বার্থোদ্ধারে কিছু লোকের মতলববাজি যুগ যুগ ধরে চলে আসছে, রাজনৈতিক মতলববাজগণ সবসময় স্রোতের অনুকুলে থেকে স্বার্থ হাসিল করে যাচ্ছে।নারায়ণগঞ্জের বৃহত্তর স্বার্থে  এদের চিহ্নিত এবং প্রতিহত করতে হবে।সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে,জনসচেতনতা তৈরি করতে হবে যাতে এই মতলববাজরা নারায়ণগঞ্জের উন্নয়ন তথা কোন ভাল কাজে বাধা সৃষ্টি করতে না পারে। তা করতে না পারলে নারায়ণগঞ্জ বরাবরের মতই থেকে যাবে উন্নয়নবিহীন, উপেক্ষিত, বঞ্চিত জনপদ হিসেবে। লেখক: বহুজাতিক ওষুধ কোম্পানি ও পোশাক শিল্পের সাবেক শীর্ষ কর্মকর্তা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন