মাদক মামলায় কারাগার থেকে বের হয়ে হত্যাকান্ডের শিকার হন নাজমুল হাসান (৩২) নামে এক ব্যক্তি। এ ঘটনায় গ্রেপ্তার জিহাদকে (২০) ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ৫ জুন দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালত এ আদেশ দেন। এর আগে মামলার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুলিশ আসামীর বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করে।
রিমান্ডকৃত যুবক জিহাদ (২০) সিদ্ধিরগঞ্জ থানার চর সুমিলপাড়া এলাকার খোকনের ছেলে। নিহত নাজমুল হাসান আদমজী চর সুমিলপাড়া এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। এর সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি বলেন,‘ মামলার আসামী এজাহারের ৩নং আসামী। গত ২২ মে আদালতে আত্নসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।
এ মামলায় আজ পুলিশ তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ২ দিন মঞ্জুর করেন।’ পুলিশের এই কর্মকর্তা এজাহারের বরাত দিয়ে জানান, চলতি বছরের ২৩ মার্চ বেলা সাড়ে ১২টায় আদমজী শিমুলপাড়া এলাকায় রেল লাইনের পাশে ইমন ও রিপন নামের দুই ভাই নাজমুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। পরে তাকে উদ্ধার করে দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


