না’গঞ্জে ধর্ষণের পর হত্যা- আসামীর মৃত্যুদণ্ড
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ০৬:২০ পিএম
নারায়ণগঞ্জে ১৬ বছরের কিশোরী ধর্ষণের পর হত্যার ঘটনায় নবী হোসেন নামে এক আসামীর মৃত্যুদন্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত।
এ মামলায় আসামি নবী হোসেন পলাতক রয়েছেন। নবী হোসেনের বাড়ি আড়াইহাজার, তবে তিনি ভাড়া থাকতেন সোনারগাঁয়ের সাদীপুরে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১০ সালের ১ জানুয়ারি সোনারগাঁয়ে সাদিপুর এলাকায় কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে আসামী। পরে তাকে গলায় রুমাল পেচিয়ে হত্যা করে।
কিশোরীর পাশের বাড়িতেই থাকতো নবী হোসেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা করেন। তিনি আরো জানান, মামলায় ২০১০ সালের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। হত্যার চারদিন পর আড়াইহাজার থেকে নবীকে গ্রেফতার করা হয়েছিল।
পরে আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন আসামি। পরবর্তীতে জামিনে বেরিয়ে পলাতক আছেন এখনো। মামলায় পুলিশ, চিকিৎসকসহ ১১ জনের সাক্ষ্য শেষে আদালত আসামী নবীর হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এন.এইচ/জেসি


