‘কাঁচামাল ব্যবসায়ী মোমেন’ হত্যার ঘটনায় আরেকজন গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ১০:১৩ পিএম
আড়াইহাজারে ক্লু-লেস ‘কাঁচামাল ব্যবসায়ী মোমেন’ হত্যা মামলার আরেকজন আসামি মো. তারেককে গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে আড়াইহাজারের পাঁচবাড়ীয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাব-১১ এর উপ পরিচালক একেএম মুনিরুল আলমের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, এই ঘটনায় জড়িত সন্দেহে মোঃ রাহাত (১৯) নামের এক যুবককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হলে সে জানায় মোঃ তারেক এই হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত। এরই পরিপ্রেক্ষিতে আমরা তাকে গ্রেফতারে তদন্ত শুরু করি। পরবর্তীতে আমরা তাকে (তারেক) গ্রেফতার করতে সক্ষম হই। র্যাব আরও জানায়, ভিকটিম প্রতিদিন গাউছিয়া কাঁচামালের আড়ত থেকে ১০/১২ হাজার টাকার কাঁচামাল ক্রয় করে শালমদি একতা বাজারে এনে বিক্রয় করত।
ঘটনার দিন ভোর রাতে ব্যাটারি চালিত অটোরিক্সা করে ভিকটিম ঘটনাস্থল ঝাউগড়া বাজারস্থ পল্লীবিদ্যুৎ সাব-স্টেশন এলাকায় পৌছালে, আগে থেকেই ওত পেতে থাকা আসামীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ভিকটিমের অটোরিক্সার গতিরোধ করে তার সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ভিকটিম বাধা প্রদান করে। তখন আসামীরা ভিকটিমের বুকে ও পিঠে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ভিকটিম মোমেন (৩২) ঘটনাস্থলেই মারা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তারেক উক্ত হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উক্ত হত্যাকান্ডে সম্পৃক্ততা পাওয়ায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামীকে তদন্তকারী কর্মকর্তার নিকট হন্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এস.এ/জেসি


