জিএনবি ইটভাটার তিন মালিক কারাগারে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২, ০৮:১২ পিএম
আদালতের নির্দেশ অমান্য করে পরিবেশ দূষণের অপরাধে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের জিএনবি ব্রিকস নামের ইটভাটার তিন মালিকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। একইসাথে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের ওই আদেশ দেন।
আসামিরা হলেন- আড়াইহাজার উপজেলার ছোট ফাউসা গ্রামের মৃত ইদ্রিস আলীর ৩ ছেলে জিএনবি ব্রিক্স নামের ইটভাটার স্বত্বাধিকারী মো. সামসুল হক, মো. জহিরুল হক ও মো. জায়দুল হক ওরফে লিটন। আদালতের স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর (ব্যক্তিগত সহকারী) সাইফুল মীর এর সত্যতা নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, ১০ বছর যাবৎ নিষিদ্ধ এলাকায় পরিবেশ ছাড়পত্র ইটভাটাটি পরিচালিত হচ্ছিলো।, গত ১২ ডিসেম্বর আইনজীবী আমিনুল হক ভূইয়া জনস্বার্থে বিবেচনা করে নারায়ণগঞ্জের স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মো. কাউছার আলমের আদালতে মামলার আবেদন করেন।
বিষয়টি আদালতের নজরে আসলে মামলা গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি এবং একই সাথে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জকে গ্রেপ্তারী পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। সাইফুল মীর জানান, জিএনবি ব্রিকস নামক ইটভাটার তিন মালিকের জামিনে সন্তোষজনক কারণ না থাকায় তাদের নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এস.এ/জেসি


