নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও মাদক মামলায় আদালতে কোনো সাক্ষী উপস্থিত হননি। এ পরিস্থিাতিতে ২৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ ও সাক্ষীদের উপর সমন জারি করেছে আদালত। ৫ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের নির্ধারিত তারিখে নূর হোসেনকে সকালে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। কিন্তু কোনো সাক্ষী না আসায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাম্মী আখতার সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ও সাক্ষীদের বিরুদ্ধে সমন জারি করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জাসমিন আহমেদ বলেন, সাক্ষীরা না আসায় নূর হোসেনকে আদালতে তোলা হয়নি। এদিন তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক দুই মামলার সাক্ষগ্রহণ ছিল। এর আগে গত ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা ও দায়র জজ আদালতে একটি এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতে দুইটি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা ছিল। সেদিন সাক্ষীরাও এসেছিলেন। কিন্তু নূর হোসেন অসুস্থা ছিলেন। যার কারণে নূর হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়নি, সেইসঙ্গে সাক্ষ্যগ্রহণও হয়নি।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ মে নূর হোসেনের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। সেই মামলার তদন্ত প্রতিবেদনের শুনানি শেষে আদালত চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে এই দুই মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে।
এস.এ/জেসি


