ফতুল্লায় শিশু হত্যায় মায়ের আমৃত্যু কারাদণ্ড, প্রেমিকের মৃত্যুদণ্ড
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৩ পিএম
ফতুল্লায় পরকীয়া প্রেমের জের ধরে এক বছরের শিশু মরিয়ম হত্যা মামলায় মায়ের প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে শিশুর মাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি উভয়কেই ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, অপর একটি ধারায় এই দুইজনকে সাত বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই রায় দেন। মৃতুদণ্ডপ্রাপ্ত হলেন: জামালপুরের মাদারগঞ্জ এলাকার লিচু আকন্দের ছেলে সোলাইমান এবং আমৃত্যু দণ্ডপ্রাপ্ত শিশুর মা পটুয়াখালীর গলাচিপার এলাকার নয়া হাওলাদারের মেয়ে বিলকিস। এর সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাকসুদা আহমেদ বলেন, ১৩ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেছেন।
আমরা আদালতের রায়ে সন্তুষ্ট। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ফতুল্লায় নন্দলালপুর এলাকার বেকারির গলি থেকে এক বছর বয়সী অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের তিনদিন পর হত্যাকাণ্ডের স্থান শনাক্ত করে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত দম্পতির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। শিশুটির মায়ের খালার জবানবন্দীর প্রেক্ষিতে পরকীয়া প্রেমিকসহ শিশুর মাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ তদন্ত শেষে আদালত সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন। উচ্চ আদালতে যেন এই রায় বহাল রাখেন আমরা সেই প্রার্থনা করছি।
এস.এ/জেসি


