বিএনপির সমাবেশ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের ব্যাপক তল্লাশি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৮:৩৪ পিএম
বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে চেকপোস্ট বসায় পুলিশ। এতে ২০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে ঢাকামুখী বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে।
দেখা গেছে, দ‚রপাল্লা থেকে শুরু করে যেসব যানবাহন সন্দেহজনক মনে হচ্ছে সেগুলোই থামিয়ে চেক করা হচ্ছে। বাসে যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতর ও পেছনে ব্যাকডালা তল্লাশি করতেও দেখা গেছে পুলিশ সদস্যদের। চিটাগাংরোড রোড থেকে বকশীবাজারের উদ্দেশ্যে অনন্যা সুপার বাসে উঠেছেন সাফায়াত।
তাকে তল্লাশির বিষয়ে জিজ্ঞেস করলে বলেন, আমি চিটাগাংরোড থেকে গাড়িতে উঠেছি মৌচাক আসতেই পুলিশ গাড়ি থামিয়ে আমাকে এবং আমার ব্যাগ তল্লাশি করেছেন। তাদের কাজ তারা করেছে এখানে আমাদের তো আর কিছু করার নেই। রয়েল পরিবহনের এক যাত্রী জানান, পুলিশ অন্যান্য গাড়ির মতো আমাদের গাড়িও থামিয়ে চেক করেছেন।
তবে আমাদের গাড়ি থেকে কাউকে আটক করেনি। তল্লাশির বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, চেকপোস্ট আমাদের রুটিন মাফিক কাজ। তবে আজ বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতা যাতে না হয়, সেজন্য পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।
কোনো যানবাহনে বিস্ফোরক দ্রব্য বহন করা হচ্ছে কি-না সেটা দেখা হচ্ছে। পাশাপাশি সড়কে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তার জন্যই এ চেকপোস্ট বসানো হয়েছে। এন.হুসেইন রনী /জেসি


