বন্দরে ব্রীজের রেলিং নির্মাণে পাথরের বদলে উচ্ছিষ্ট ব্যবহার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৮:৪৮ পিএম
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কাজীপাড়া কুচিয়ামোড়া এলাকায় (কেওঢালা টু অলিপুরা সড়কে) নির্মাণাধীন ব্রীজের সাইড রেলিং নির্মাণে পাথরের বদলে পাইলিংয়ের উচ্ছিষ্ট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। সূত্র মতে জানা যায়, উল্লেখিত এলাকায় ধীরগতিতে উক্ত ব্রীজের নির্মাণ কার্যক্রম পরিচালিত হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌছেছে। তাছাড়া পাশেই সাময়িক সময়ের জন্য মাটি ও ইট দিয়ে বিকল্প একটি রাস্তা করে দেয়া হয়েছে এবং সেই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করায় প্রায়ই যানবাহন বিকল হয়ে গিয়ে পরিবহনের সাথে সম্পৃক্ততা ও যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে।
এদিকে ব্রীজের সাথে সম্পৃক্ত সকল কাজই পাথর দিয়ে করার সরকারি নির্দেশনা থাকলেও ব্রীজ নির্মাণে নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সরকার এন্ড এরিস্টোক্রেটিক কন্সট্রাকশন ব্রীজের সাইডি রেলিং নির্মাণে পাথরের বদলে পাইলিংয়ের উচ্ছিষ্ট ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
পাইলিং শেষে যে সকল উচ্ছিষ্ট বের হয় সেগুলোকে কৌশলে ভেঙ্গে পাথরের আকৃতি দিয়ে ব্রীজের উপরে ও নীচে স্তুপ করে সেখান থেকেই প্রয়োজন মাফিক উচ্ছিষ্টগুলো ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে কথা বলতে ব্রীজের নিকটে গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে এলজিইডি নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘কোন অনিয়মের সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখতে বন্দর উপজেলা প্রকৌশলীকে সেখানে পাঠানো হবে’।
এ বিষয়ে বন্দর উপজেলা প্রকৌশলী মীর কায়ছার রিজভীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘পাথরের বদলে অন্য কিছু ব্যবহারের সুযোগ নেই। আমি নির্মাণাধীন ব্রীজে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছি’। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নিব।এন.হুসেইন রনী /জেসি


