না.গঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানহানির মামলা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০২:৪৪ পিএম
নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম ভুইয়ার বিরুদ্ধে ২০ লাখ টাকার মানহানীর মামলা করেছে গভর্নিং বডির সদস্য আবদুস সালাম। নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ চতুর্থ আদালতে বাদী আবদুস সালাম এ মামলা দায়ের করেন।
আদালত সুত্রে জানা যায় গত ৯ অক্টোবর এ মামলার শুনানি করেন সিনিয়র এডভোকেট ও সাবেক পিপি এডভোকেট নবী হোসেন। দায়েরকৃত মামলা আদালতে শুনানি শেষে আগামী ৯ নভেম্বরের মধ্যে জবাব প্রদানের জন্য প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম ভুইয়াকে নির্দেশনা প্রদান করেন।
মামলার কারণ সম্পর্কে বাদী আবদুস সালাম জানান তার মেয়ে নারায়ণগঞ্জ হাই স্কুলে নার্সারী থেকে পড়াশোনা করে আসছে। সে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য প্রিটেষ্ট পরীক্ষায় উত্তির্ন হওয়ার পর টেষ্টের একদিন পরীক্ষার সময় হলরুমে অসুস্থ হয়ে পড়ে।
খবর পেয়ে তিনি ডাক্তার নিয়ে প্রধান শিক্ষক সহ অন্যন্য শিক্ষকদের উপস্থিতিতে পরীক্ষার হল রুমে তাঁকে চিকিৎসার ব্যবস্থা গ্রহন করে। পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার কে দেখানোর জন্য প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে স্থানীয় একটি ক্লিনিকে ডাক্তার দেখানো হলে দুইজন ডাক্তার একমাসের জন্য তার সন্তানকে বিশ্রাম করার জন্য লিখিত ভাবে পরামর্শ দেন।
পরের দিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন করলে তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য অনুমতি প্রদান করেন। পরবর্তীতে প্রধান শিক্ষক তাঁকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ফরম পুরন করতে বাধা প্রদান করার কারনে তার পরিবার বিপর্যস্ত হয়ে মানসিক চাপে পড়ে।
এসময় আবদুস সালাম হাইকোর্টে রিট আবেদন করলে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করে তার মেয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। উল্লেখ্য,আবদুস সালাম নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য এবং নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি।
প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম ভুইয়া নারায়ণগঞ্জ হাই স্কুলে দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ে। নিজের ছেলেকে স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করেন।
এসকল অনিয়মের বিষয়ে কমিটির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে তিনি বিভিন্ন সময় প্রতিবাদ করায় তার প্রতি ব্যাক্তিগত আক্রোশে প্রধান শিক্ষক তার মেয়ের সাথে বিরূপ আচরণ করে এসএসসি পরীক্ষার অংশ গ্রহণ থেকে বিরত রাখার চেষ্টা করে এবং আবদুস সালামকে নানান ভাবে হয়রানি করে মানহানি করে।
এ কারণে আবদুস সালাম বাদী হয়ে প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম ভুইয়ার বিরুদ্ধে ২০ লাখ টাকার মানহানীর মামলা দায়ের করেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম ভুইয়ার সাথে যোগাযোগ করা হ'লে তিনি জানান আদালতের নির্দেশনা তিনি পেয়েছেন। এন.হুসেইন রনী /জেসি


