Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

নতুন করে নির্ধারণ করা হয়েছে পশুর কাঁচা চামড়ার দাম

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ০৩:০৯ পিএম

নতুন করে নির্ধারণ করা হয়েছে পশুর কাঁচা চামড়ার দাম
Swapno

এবারের কোরবানির ঈদের কোরবানি দেয়া পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এক ভার্চুয়াল মিটিং শেষে এ দাম ঘোষণা করেন। নতুন নির্ধারিত মূল্যে সবক্ষেত্রেই দাম বাড়ানো হয়েছে।

 

এ সময় বাণিজ্যমন্ত্রী জানান, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা। গত বছর ছিল ৩৫ থেকে ৪০ টাকা। একই চামড়া ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে, গত বছর ছিল ২৮ থেকে ৩২ টাকা। এছাড়া সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৫ থেকে ১৭ টাকা, গত বছর ছিল ১৩ থেকে ১৫ টাকা। পাশাপাশি প্রতি বর্গফুট বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৪ টাকা, গত বছর ছিল ১০ থেকে ১২ টাকা।

 

মন্ত্রী বলেন, ‘গতবছর এক্সপোর্ট ট্রেডটা ভালোই হয়েছে। সবদিকে প্ল্যান করেই আগাতে হবে। সবার একটাই ইচ্ছা যেন চামড়ার ন্যায্য মূল্য পায়। আমরা ওয়েট-ব্লু চামড়া রফতানির অনুমতি দিয়েছি, এটি খুব একটা স্বস্তির নয়। যেহেতু দেশে দাম পাওয়া যাচ্ছে না, তাই রফতানির অনুমতি দিয়েছি। এটা স্থায়ী হোক সেটা আমি চাই না। এবার সব পক্ষকে সঙ্গে নিয়ে চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে।’ এ সময় কোরবানির ৬ ঘণ্টার মধ্যে চামড়ায় পর্যাপ্ত লবণ দেয়ার জন্য বলেন মন্ত্রী।

 

নতুন মূল নির্ধারণের পূর্বে সভায় ২০১৭ সালে চামড়ার যে দাম নির্ধারণ করা হয়েছিল সেটি পুনরায় করার প্রস্তাব দেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। কিন্তু ব্যবসায়ীরা সেই প্রস্তাবে আপত্তি জানালে ব্যবসায়ীদের প্রস্তাবনা মেনে নিয়ে সংশোধন করে পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেন বাণিজ্যমন্ত্রী। ব্যবসায়ীদের পক্ষ থেকেও বাণিজ্যমন্ত্রীর সংশোধিত মূল্য মেনে নেয়ার কথা জানানো হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন