পোশাক কারখানা পরিদর্শন করতে বিসিকে বেলজিয়ামের রানী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩২ এএম
ফতুল্লার বিসিক শিল্পনগরীতে একটি পোশাক তৈরির কারখানা পরিদর্শন করেছেন বেলজিয়ামের রানী মাথিলডে। গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিসিকের ফকির অ্যাপারেলস নামের কারখানা পরিদর্শন করেন রানী।
এসময় পোশাক তৈরি কারখানার কর্মীদের সঙ্গে কথা বলেন রানী মাথিলডে। তিনি তাদের সার্বিক খোঁজখবর নেন। তিনি পরিদর্শন করা গার্মেন্টের অবকাঠামো থেকে উৎপাদন ব্যবস্থা ঘুরে দেখেন। প্রতিষ্ঠানটির নারী কর্মীরা বেলজিয়ামের রানি মাথিলডেকে কারখানায় তৈরি টি-শার্ট উপহার দেন।
এ বিষয়ে ফকির অ্যাপারেলস’র এমডি মনিরুজ্জামান বলেন, গ্রীন কারখানার তালকায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ। বেলজিয়াম রানীর এ সফরের মধ্য দিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
পোশাক কারখানায় রানির পরিদর্শন সম্পর্কে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আমাদের দেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য বেলজিয়ামসহ বিশ্বের বিভিন্ন দেশে যায়।
সেই সূত্র ধরে বেলজিয়ামের রানী মাথিলডে সরেজমিন পরিদর্শন করতে এসেছেন। বাংলাদেশের কোন গার্মেন্টস থেকে তার দেশে এসব পণ্য যায় তা নিশ্চিত করবেন।
এদিকে বেলজিয়ামের রানীর আগমনকে কেন্দ্র করে বিসিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিভিন্ন পয়েন্টে ব্যাপক পরিমাণে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। রানীকে এক নজর দেখতে রাস্তার পাশে উৎসুক জনতাও ভিড় করতে দেখা গেছে। এন.হুসেইন/জেসি


