সচেতন না হলে লকডাউনে কাজ হবেনা : শামীম ওসমান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০৯:৩১ এএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, যদি আমরা নিজেরা সচেতন না থাকি তাহলে হাজার লকডাউন দিলেও কাজ হবে না। লকডাউন বা কারফিউ দিয়ে কি হবে? যদি আমরা নিজেরা বাহিরে চলাফেরা করতে চাই, পুলিশ দেখার আগে মুখের খোলা মাস্ক পরে নেই। আমরা প্রশাসন থেকে রক্ষা পাওয়ার জন্য নাকি নিজেকে রক্ষা করার জন্য এই সকল কাজ করতেছি তা চিন্তা করতে হবে। আমি মনে করি সকলে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিৎ।
মঙ্গলবার দুপুরে নগরীর খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে করোনা টিকা দ্বিতীয় ডোজ গ্রহণ করার পর তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদ, খানপুর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু জাহের।
নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে এমপি শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের সকল মানুষকে আমি হাত জোর করে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। একই সাথে পাশের ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করুন। কোভিড ১৯ যে রূপ নিচ্ছে মানুষ সচেতন না হলে বড় ধরনের হুমকির মুখে পরে যাবো। আমরা বিষয়টা হালকাভাবে নিচ্ছি কিন্তু বিষয়টা হালকা ভাবে নেয়ার অবস্থা নেই। করোনার কারণে যখন আমাদের কাছের মানুষটি ছেড়ে চলে যাবে তখন বুঝা যাবে এর রিয়েকশনটা কি। এর থেকে একটাই পরিত্রাণের জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে। সেই সাথে পাশাপাশি সকলকে সচেতন থাকতে হবে।


