Logo
Logo
×

স্বাস্থ্য

না.গঞ্জে চিকিৎসা না পেয়ে ঢাকামুখী করোনা রোগীরা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ০৬:৫৪ পিএম

না.গঞ্জে চিকিৎসা না পেয়ে ঢাকামুখী করোনা রোগীরা
Swapno

নারায়ণগঞ্জ শহরে করোনায় আক্রান্ত রোগীদের জন্য একটি মাত্র হাসপাতাল। সেটি হলো খানপুর ৩০০ শয্যা হাসপাতাল। আর এই হাসপাতালটির মান যে কেমন সেটা সকলেরই জানা। কোনো সিরিয়াস রোগীর চিকিৎসা এখানে নেই।

 

তবে সিদ্ধিরগঞ্জে এই রোগের চিকিৎসার জন্য ভালো একটি হাসপাতাল ছিলো। সেটির নাম ছিলো সাজেদা হাসপাতাল। সরকারী খরচে এই হাসপাতালটিতে বেশ ভালো চিকিৎসা হতো। কিন্তু সরকার সেটি বন্ধ করে দিয়েছে। আরো ছয় মাস আগে সাজেদা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন কাশীপুর বাংলাবাজার এলাকার হাজী মহিউদ্দিন।

 

তিনি বলেন, নিজে করোনায় আক্রান্ত হয়ে সাজেদা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলাম। টানা নয়দিন ছিলাম আইসিইউতে এবং আরো আট দিন ছিলাম সেমি আইসিউতে। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছি আমি। কিন্তু সেই সাজেদা হাসপাতালটি বন্ধ করে দেয়ায় নারায়ণগঞ্জে এখন চরম চিকিৎসা সংকট বিরাজ করছে। ফলে সাধারন মানুষকে রাজধানীতে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।

 

হাজী মহিউদ্দিন আরো বলেন গত সপ্তাহে আমার বড় ভাইয়ের স্ত্রী করোনায় আক্রান্ত হলে আমরা তাকে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাই। কিন্তু এই হাসপাতালে তাকে ভর্তি করতেই রাজী হলেন না। আমরা বাধ্য হয়ে তাকে রাজধানীর কয়েকটি হাসপাতালে খোঁজ নিয়ে পরে রাজধানীর শেখ রাসেল হাসপাতালে নিয়ে ভর্তি করি। এখন তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। কিন্তু সেখানেও সিট পেতে অনেক কষ্ট হয়েছে। সেখানে সরকারী খরচেই চিকিৎসা চলছে। এখন তিনি কিছুটা সুস্থ্য হয়ে উঠেছেন। কিন্তু নারায়ণগঞ্জে কোনো চিকিৎসা পাওয়া গেলো না। একই রকম প্রতিক্রিয়া ব্যাক্ত করেন ফতুল্লা থানার গাবতলী এলাকার বাসিন্দা মিজানূর রহমান মিজান।

 

তিনি বলেন এক মাস আগে আমার মা ও ছোটো ভাই করোনায় আক্রান্ত হয়েছিলো। আমি আমার ছোটো ভাই সবুজকে খানপুর হাসপাতালে নিয়ে ভর্তি করেছিলাম। কিন্তু চব্বিশ ঘন্টায় কোনো ডাক্তার বা নার্স তার খোঁজ নেয়নি। তাই অবস্থা বেগতিক দেখে একদিন পরে তাকে ঢাকায় নিয়ে ভর্তি করি। পরে মা আক্রান্ত হলে সরাসরি মাকে নিয়ে ঢাকায় চলে যাই। এখন তারা দুইজনেই সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু আমরা নারায়ণগঞ্জে কোনো চিকিৎসা পেলাম না।


তাই এখন নারায়ণগঞ্জের বহু মানুষ করোনায় আক্রান্ত হয়ে রাজধানীতে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে শহরের ধনী লোকদের কথা আলাদা। তাদের জন্য রাজধানীতে স্কয়ার, এপোলো, ল্যাবএইড সহ তারকা খচিত বহু হাসপাতাল রয়েছে। তাই তাদের তেমন কোনো সমস্যা নেই। কিন্তু কোনো মধ্যবিত্ত বা গরীব মানুষ আক্রান্ত হলে খুবই খারাপ অবস্থায় পতিত হচ্ছেন। তাদের জন্য সরকারী হাসপাতালও নেই আবার কোনো ডাক্তারও নেই।

 

ফলে অনেকে মনে করেন এই মুহুর্তে এই মহামারি থেকে বেঁচে থাকার উপায়গুলো হলো সর্বোচ্চ সতর্কতার সহিত জীবন যাপন করা। ব্যাপকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা। যতো পারা যায় জনসমাগম এড়িয়ে চলা। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা যা করা প্রয়োজন তার সব কিছু করতে হবে এবং খেতে হবে পুষ্টিকর খাবার। এই মুহুর্তে প্রতিরোধই একমাত্র ভালো উপায়। অন্যথায় আক্রান্ত হলে চিকিৎসা পাওয়া যাবে না। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন