সারাদেশে গত বছর করোনা মহামারি শুরুর পর এবার একদিনে রেকর্ড সর্বোচ্চ ৮ হাজার ৩৬৪ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জনে। এর আগে গত ৭ এপ্রিল সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অপরদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ২৭৬ জনে। মৃতদের মধ্যে পুরুষ ৬৮ জন ও নারী ৩৬ জন। এদের মধ্যে সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ জন, বেসরকারী হাসপাতালে ১৫ জন এবং বাসায় ৭জনের মৃত্যু হয়।
গত ২৪ ঘন্টায় মৃত ১০৪ জনের মধ্যে বয়সের হিসাবে বিশোর্ধ ৫জন, ত্রিশোর্ধ্ব ৪জন, চল্লিশোর্ধ্ব ১৪ জন, পঞ্চাশোর্ধ্ব ২৩ জন এবং ষাটোর্ধ ৫৮ জন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৩৬ হাজার ৭৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে সরকারী-বেসরকারী ৫৫৪টি ল্যাবরেটরিতে ৩৫ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ।


