দেশে করোনায় প্রাণ কাড়লো আরো ১৩২ জনের
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০২ জুলাই ২০২১, ০৮:২৯ পিএম
সারাদেশে ২৪ ঘন্টায় করোনায় আরো মৃত্যু হয়েছে ১৩২ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৩৫ জন। দেশে এ পর্যন্ত সরকারী হিসেবে করোনায় মোট মারা গেছেন ১৪ হাজার ৭৭৮ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৯ লাখ ৩০ হাজার ৪২ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৩ জন মানুষ। শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ২৪ ঘন্টায় খুলনা বিভাগে মারা গেছেন ৩৫ জন। টানা আট দিন ধরে খুলনায় মৃত্যু বেশি। এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ যাবৎকালে করোনায় সর্বোচ্চ ১৪৩ জন মৃতের মধ্যে খুলনা বিভাগের ছিলেন ৪৬ জন। গত ৩০ জুন মারা যাওয়া ১১৫ জনের মধ্যে ৩০ জন ছিলেন খুলনার।
২৯ জুন মারা যাওয়া ১১২ জনের মধ্যে ৩৫ জন, ২৮ জুন ১০৪ জনের মধ্যে ৩৫ জন, ২৭ জুন ১১৯ জনের মধ্যে ৩২ জন, ২৫ জুন ১০৮ জনের মধ্যে ২৭ জন, ২৪ জুন ৮১ জনের মধ্যে ২৩ জন, ২৩ জুন ৮৫ জনের মধ্যে ৩৬ জন এবং গত ২২ জুন মারা যাওয়া ৭৬ জনের ২৭ জনই ছিলেন খুলনার বাসিন্দা। কেবলমাত্র ২৬ জুন একদিনে চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছিল ২০ জনের।
গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ১৩২ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ৩০ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ২৪ জন করে, বরিশাল ও সিলেট বিভাগে ২ জন করে, রংপুর বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন ৬ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় শনাক্ত হওয়া ৮ হাজার ৪৮৩ জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৪১ জন, ময়মনসিংহ বিভাগে ২৭০ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৫৫ জন, রাজশাহী বিভাগে ৮৫১ জন, রংপুর বিভাগে ৭১৫ জন, খুলনা বিভাগে এক হাজার ২০১ জন, বরিশাল বিভাগে ২৪৮ জন এবং সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৩০২ জন।


