দেশে একদিনে করোনায় সর্বোচ্চ প্রাণহানি ২০১ জনের
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ১১:১৪ পিএম
সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২০১ জন। যা এযাবৎকালের এ দেশে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ৫ জুলাই সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়েছিলো। বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ২০১ জনসহ দেশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৫ হাজার ৫৯৩ জন মানুষ। একই দিনে ফের ১১ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন। করোনায় নতুন করে ১১ হাজার ১৬২ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্ত হলেন ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৮৭ জন আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন।
গত ২৪ ঘন্টায় ৩৭ হাজার ১৪৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ৬৩৯টি নমুনা। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৮ লাখ ২৯ হাজার ৮৩২টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৯ লাখ ৯২ হাজার ৭৪৩টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ লাখ ৩৭ হাজার ৮৯টি।
গত ২৪ ঘন্টায় করোনায় রোগী শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ আর এখন পর্যন্ত ১৪ দশমিক ৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ শতাংশ আর মৃত্যু হার এক দশমিক ৬০ শতাংশ। মারা যাওয়া ২০১ জনের মধ্যে পুরুষ ১১৯ জন আর নারী ৮২ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন ১১ হাজার দুই জন আর নারী চার হাজার ৫৯১ জন।
মৃতদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ১১৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ৪৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে নয় জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চার জন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে একজন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৫ জন, বেসরকারি হাসপাতালে ২৩ জন, বাড়িতে ১২ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় একজনকে।


