Logo
Logo
×

স্বাস্থ্য

১৮ নয়, টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ২৫

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২১, ০৭:১১ পিএম

১৮ নয়, টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ২৫
Swapno

টিকা যথেষ্ট মজুদ থাকায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি জোরদার করতে সরকারের পক্ষ হতে ১৮ বছর থেকে ঊর্ধ্বের সবাইকে টিকা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ এখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। টিকা গ্রহণের সর্বনিম্ন বয়স ২৫ বছরই থাকছে। শুক্রবার (৬ আগস্ট) রাজধানীর মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা ১৮ বছর হলেই টিকা দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু এই বয়সীদের অনেকের আইডি কার্ড নেই। এতে করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই ১৮ নয়, টিকা গ্রহণের সর্বনিম্ন বয়স ২৫ বছরই থাকছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় ১৮ বছর থেকেই টিকা দেব আমরা।

 

শনিবার থেকে গ্রামে গ্রামে পৌঁছে যাবে করোনা ভাইরাসের টিকা। বাড়ির পাশ থেকেই শুধু এনআইডি দেখিয়ে সবাই টিকা নিতে পারবেন। সরকার এটিকে নাম দিয়েছে ‘ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’। অধিদফতরের পরিচালক ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যাবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত এ নির্দেশনাগুলো সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। পরিচালক (স্বাস্থ্য), করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত-বিভাগীয় কমিটির সদস্য, সিটি করোপোরেশন কমিটির সদস্য সচিব, জেলা কমিটির সদস্য সচিব, উপজেলা কমিটির সদস্য সচিব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং সব পৌরসভার মেডিকেল অফিসারদের কাছে এটি পাঠানো হয়।

 

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, সরকার টিকার জন্য বৈশ্বিক কর্মসূচি কোভ্যাক্স ও বিভিন্ন টিকা উৎপাদনকারীদের সঙ্গে যোগাযোগ করছে। দেশেও যাতে টিকা উৎপাদন করা যায়, সে ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। সকল প্রকার নেতিবাচক চিন্তা ও কুসংস্কার পরিহার করে সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানাই।

 

এই বিষয়ে তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার সম্প্রসারিত আকারে আগামীকাল দেশব্যাপী ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৭ আগস্ট ২৫ বছর ও তদুর্ধ্ব জনগোষ্ঠী; অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী, নারী ও শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনতে যাচ্ছি।

 

তিনি আরো জানান, এই ক্যাম্পেইনের আওতায় সারা দেশে চার হাজার ৬০০টি ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে একযোগে কোভিড-১৯ টিকা দেওয়া হবে।’

 

তিনি বলেন, গত ১০ দিনে ৩০ লাখ টিকা প্রয়োগ করা হয়েছে। ভ্যাকসিন নিয়ে বড় ধরনের ক্যাম্পেইন করতে না পারলে বিশাল এই জনগোষ্ঠীকে কাভার করা যাবে না। আমাদের কাছে এটা পাইলট প্রজেক্ট। এই প্রকল্পের মাধ্যমে আগামী দিনের জন্য শিক্ষা নেব।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন