স্বাস্থ্যবিধি মেনে প্রায় সব কিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৮ আগস্ট ২০২১, ০৭:২৬ পিএম
দেশে করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ শেষে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সব কিছু খুলে দেয়ার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন এই প্রজ্ঞাপন অনুযায়ী বুধবার থেকে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি অফিস, স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। তবে আদালতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট।
এ সময় শপিংমল/মার্কেট/দোকানপাটসমূহ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। সকল প্রকার শিল্প-কলকারখানা চালু থাকবে। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
প্রজ্ঞাপনে আরো জানানো হয়, সড়ক, রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সব ধরণের গণপরিবহন চলাচল করতে পারবে। সড়কপথে স্বাভাবিকের চেয়ে অর্ধেক গাড়ি চলতে পারবে। এ সময় কোন ক্ষেত্রে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে বন্ধ থাকবে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রগুলো।
এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, বুধবার থেকে বিধিনিষেধ কতটুকু শিথিল করা হবে তা আজ বা কালকের মধ্যে জানানো হবে।
গণটিকা কার্যক্রমে প্রতি ইউনিয়নে ৬০০ জনকে টিকা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা সবজি ব্যবসায়ী, রিকশাচালক এবং যাদের বিভিন্ন কারণে বাইরে মানুষের সংস্পর্শে আসতে হয় তাদেরকে বেছে নেওয়া হয়েছে। সেখানে বয়স্ক ও মুক্তিযোদ্ধাও আছেন। আমাদের জীবিকাও নিশ্চিত করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে ও নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত হয়েছে। তবে কঠোরভাবে যাতে স্বাস্থ্যবিধি প্রতিপালন হয় সেদিকে নজর থাকবে।


