অবৈধ মেডিস্টার হসপিটালের প্রতারণার সেবায় জনসাধারণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৫:৪৬ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় অবৈধ হিসেবে থেকেও প্রশাসনের নাকের ডগায় চিকিৎসার নামে জনসাধারণকে ঠকাচ্ছে শহরের মেডিস্টার হসপিটাল। সারা দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু এসবকে আমলে না নিয়েই দিব্যি চিকিৎসার নামে প্রতারণা চালিয়ে যাচ্ছে মেডিস্টার কর্তৃপক্ষ।
জেলা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৯৯ টি ক্লিনিক বৈধ এবং ৫৫টি ডায়াগনিষ্টিক সেন্টার বৈধ রয়েছে। আর বাকি সব গুলোই অবৈধ তালিকায় রয়েছে। তালিকার বাহিরেও অনেক ক্লিনিক, ডায়াগনিষ্টিক সেন্টার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে খোজ নিয়ে জানা যায়, নগরীর নবাব সলিমুল্লাহ রোড মেডিস্টার হসপিটাল এন্ড রেনেসা ল্যাব, শহরের বঙ্গবন্ধু রোড ডিআইটি এলাকার রিজিয়া হাসপাতাল অবৈধ তালিকা থেকেও তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার কথা। কিন্তু তা না হয়ে এসব প্রতিষ্ঠান আগের মতোই নাকে তেল দিয়ে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ রয়েছে, এসব ক্লিনিক গুলো যেন কসাই খানা খুলে বসেছে। তাদের কাছে বিভিন্ন রোগের পরীক্ষা করাতে গেলে অতিরিক্ত টাকা নেন। তাছাড়া গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারি না করে তাদের সিজার করার পরামর্শ দেয়া হয়। অনেক সময় ভুল রিপোর্টের কারণে চিকিৎসার ব্যাঘাত ঘটছে। এবং অনেকের ভূল চিকিৎসার কারণে রোগী পর্যন্ত মারা যান।
খোঁজ নিয়ে জানা যায়, নগরীর সলিমুল্লাহ রোড মেডিস্টার হসপিটাল এন্ড রেনেসা ল্যাব অবৈধ তালিকা থাকলেও খোলা রেখে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই প্রতিষ্ঠানে প্রতিদিন ১০ জন ডাক্তার উপস্থিত থেকে সেবা প্রদান করে বলে জানায় কর্তৃপক্ষ। এখানে ২০ জন রোগী ভর্তি করার ব্যবস্থা আছে।
তাদের ডিজি হেলথের ছাড়পত্রের কাগজ নেই। সেই সাথে ফায়ার সার্ভিস অনুমোদন কাগজ আবেদন করলেও এখনো তা পান নাই। এছাড়া পরিবেশ অধিদপ্তরের কাগজও নেই। তার পরেও তারা কি করে দিব্যি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তার উত্তর জানা নেই তাদের। তবে প্রশাসনকে ম্যানেজের জন্য দুইজনকে দায়িত্ব দিয়েছে এই অবৈধ হাসপাতাল কর্তৃপক্ষ।
এবিষয়ে জেলা সিভিল সার্জন মশিউর রহমান জানান, অনেকে লাইসেন্স এর আবেদন করে রেখেছে। তাছাড়া যাদের অনুমোদন নেই তাদের বিষয়ে আমরা সপ্তাহে একদিন অভিযান পরিচালনা করে সিলগালা করছি। ইতিমধ্যে কয়েকটি অবৈধ ক্লিনিক ডায়াগনিষ্টিক সেন্টার সিলগালা করেছি।এসএম/জেসি


