ভাষা দিবসে আড়াইহাজারে জুতা পায়ে শহীদ মিনারের অবমাননা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৪ পিএম
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আড়াইহাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহর (রাত ১২টা ১মিনিট) থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছিল। কিন্তু এ সময় জুতা পায়ে শহীদ মিনারে উঠে শ্রদ্ধা জানানো ও ছবি তোলার হিড়িক ছিল চোখে পড়ার মত।
সকাল সাড়ে ৯টার দিকে গিয়ে দেখা যায়, বিশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে লোকজন শহীদ মিনারে ফুলের তোড়া প্রদান করছেন। এ সময় অনেকেই সেখানে জুতা পায়ে ছবি তুলছিলেন। শহীদ মিনারে দায়িত্বরত দুই আসনার সদস্যকেও পায়ে জুতা নিয়ে শহীদ ভেদিতে উঠে ছবি তুলতেও দেখা গেছে।
এছাড়াও সাদা শার্ট পরিহিত এক যুবককে হাতে ক্যামেরা ও পায়ে জুতা পড়ে মুল ভেদিতে উঠে দীর্ঘক্ষণ ধরে ভিডিও করতে দেখা গেছে। সেখানে উপস্থিত অনেকের চোখেই এমন দৃশ্য ধরা পড়ে। অনেকেই এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সেখানকার উপস্থিত অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ দিবসটি বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমাদের বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন সেই সব ভাষা শহীদদের প্রতি আমাদের আন্তরিকভাবেই শ্রদ্ধা থাকা উচিৎ। ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে এসে পায়ে জুতা নিয়ে ভেদিতে প্রবেশ করা কোনো ভাবেই মেনে নেয়া যায় না।
অনেকেই অভিযোগ করেন, পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী কিংবা স্বেচ্ছাসেবী (বলানটিয়ার) নিয়োজিত করলে এমন দুঃখ জনক ঘটনা ঘটতো না। যারা এর আয়োজন করেছেন, তাদের গাফিলতির কারণেই ভাষা শহীদদের প্রতি এমন অসম্মান করা হয়েছে বলে তাদের ধারণা। যাদের অবহেলায় এমনটা ঘটেছে। তাদের বিচারের আওতায় আনারও অনেকেই দাবী জানান।
মোবাইল ফোনে জানতে চাইলে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন বলেন, এটি আমাদের গুরুত্বপূর্ণ জাতীয় দিবস। সবাইকে আরো সচেতন হতে হবে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও তিনি জানান।


