রূপগঞ্জে শীতলক্ষ্যার তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৩ পিএম
রূপগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। এ সময় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া হতে কাজীপাড়া পর্যন্ত এলাকায় বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহাবুব জামিলের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, সহকারী পরিচালক নুর হোসেন প্রমুখ।
অভিযানে ৩ টি দোতলা বিল্ডিং, ৭ টি এক তলা বিল্ডিং, ২১ টি আধা পাকা বিল্ডিং এবং টিনের ঘরসহ অন্যান্য আরো ৮০টি সর্বমোট ১১১ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় শীতলক্ষ্যার তীর হতে কমপক্ষে ১ একর ভূমি উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহাবুব জামিল বলেন, নদীর তীরভূমি দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নোয়াপাড়া থেকে কাঞ্চন ব্রীজ পর্যন্ত নদীর দুই পাশে অবৈধ ভাবে গড়ে উঠা সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যহত থাকবে।


