রূপগঞ্জে শীতলক্ষ্যার তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৫:০৩ পিএম
রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া থেকে কাজীপাড়া পর্যন্ত শীতলক্ষ্যা নদীর তীরে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। অভিযানে ১৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই অভিযান চালায় বিআইডব্লিউটিএ। অভিযানে দোতলা বিল্ডিং ২ টি, এক তলা বিল্ডিং ১৫ টি, আধা পাকা বিল্ডিং ২৭ টি ও ৮১টি টিনের ঘরসহ মোট ১৩৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় শীতলক্ষ্যার প্রায় ১ একর অবৈধ দখলকৃত ভূমি উদ্ধার করা হয়।
বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহাবুব জামিলের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, সহকারী পরিচালক নুর হোসেন প্রমুখ।
শেখ মাসুদ কামাল জানান, গত দুইদিনে শীতলক্ষ্যা নদীর তীরভূমি দখল করে গড়ে ওঠা প্রায় আড়াই শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নদীর দুই পাশে অবৈধ ভাবে গড়ে উঠা এই সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।


