রূপগঞ্জে ভেজাল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, গ্রেফতার ৩
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৭ পিএম
রূপগঞ্জে নকল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ ৩ কর্মীকে গ্রেফতার করেছে ভুলতা ফাঁড়ি পুলিশ।
বৃহস্পতিবার রাতে ৮টার দিকে ভুলতা পুলিশ ফাঁড়ির পরদর্শক নাজিম উদ্দিনের নেতৃত্বে উপজেলার গোলাকান্দাইলের নীলভিটা এলাকার মতিমিয়ার বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক কারখানার কর্মী মোস্তাফিজুর রহমান (১৬), আরমান (২৮) এবং লাক মিয়া (৫৫)। পরে তাদের নামে মামলা দায়ের করা হয়।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, অভিযান চালানো ভেজাল প্রসাধনী তৈরি কারখানায় বিভিন্ন নামি প্রতিষ্ঠানের নাম দিয়ে নানা প্রসাধনী তৈরি হতো। ভুয়া মোড়ক ও লেবেল লাগিয়ে এসব প্রসাধনী বাজারজাত করা হতো এখান থেকেই। গোপন সংবাদের ভিত্তিতে এই কারখানায় অভিযান চালান তারা। তিন কর্মচারীকে আটক করা হয়েছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদের বলেন, ভেজাল প্রসাধনী তৈরি কারখানায় অভিযানে আটক ৩ জনের নামে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।


