Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে প্রাণের কর্মচারীদের সাথে গ্রামবাসির সংঘর্ষ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ০১:২৪ এএম

রূপগঞ্জে প্রাণের কর্মচারীদের সাথে গ্রামবাসির সংঘর্ষ
Swapno

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরের জমিতে প্রাণ আরএফএল কোম্পানীর বালু ভরাটকে কেন্দ্র করে ঐ কোম্পানির কর্মচারীদের সঙ্গে গ্রামবাসির দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে  উভয় পক্ষের কমপক্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ পরিস্থিতি নিযন্ত্রণে আনতে শর্টগানের ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।

 

সোমবার (৮ মার্চ) উপজেলার দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর পলাশ থানার ডাঙ্গা কাজিরচর এলাকার শীতলক্ষ্যা নদীর পূর্ব পাশে প্রাণ আরএফএল কোম্পানী অবস্থিত। এ কোম্পানির সীমান্তবর্তী এলাকা হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা গ্রাম। কোম্পানির কর্তৃপক্ষ তাদের নিজেদের সুবিধার্থে কলিঙ্গা গ্রামের শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে গাড়ি পার্কিং ও ঝেটি নির্মাণের উদ্যেশে বালু ভরাট শুরু করে।

 

এলাকাবাসী অভিযোগ করে, বালু ভরাটের জায়গায় অনেকের ব্যক্তিগত জমি আছে যা ক্রয় ছাড়াই বালু ভরাট করছিলো প্রতিষ্ঠানটি। সেখানে পুরো জমি না কিনে গাড়ি পার্কিং ও ঝেটি নির্মাণের লক্ষ্যে বালু ভরাট করতে গেলে সোমবার বিকেলে গ্রামবাসী বাঁধা দেয়। তাদের বাঁধা না মেনে কোম্পানির নিয়োজিত কর্মচারীরা বহিরাগত সন্ত্রাসীদের সহযোগিতায় বালু ভরাট করতে থাকে। এসময় গ্রামবাসীর সঙ্গে কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা বাকবিতন্ডা ও তর্কবিতর্কে জড়িয়ে পড়ে।

 

একপর্যায়ে প্রাণ আরএফএল কোম্পানির কর্মকর্তারা পলাশ থানা থেকে লোকজন এনে গ্রামবাসীর উপর হামলা চালায়। তখন গ্রামবাসীও পাল্টা হামলা চালালে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পথচারী কামাল হোসেনসহ কলিঙ্গা গ্রামের কাইয়ুম, ফোরকান, ফয়সাল মিয়া, সানি, বিপ্লব, বেলায়েত, ফয়সাল আহাম্মেদ, আল আমিন, তপু, রাসেল এবং প্রাণ আরএফএল কোম্পানির আজিম, রাসেল, মাহমুদ, শিশিরসহ উভয় পক্ষের অন্তত ২০ থেকে ৩০ জন আহত হয়।

 

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

 

কলিঙ্গা গ্রামের বাসিন্দা কোম্পানী কর্তৃক দখলে নেয়া জমির মালিক নজরুল ইসলাম জানান, তার জমিসহ কলিঙ্গা গ্রামের হারেছুল, জুলহাস, কাইয়ূম, খালেকের জমি কোন প্রকার ক্রয় না করেই জোরপুর্বক বালু ভরাট করতে যায় আরএফএল কোম্পানি। বাঁধা দিলে কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আহাম্মেদের নেতৃত্বে গ্রামবাসীর উপর হামলা চালানো হয়। হামলায় অস্ত্রধারী বহিরাগত সন্ত্রাসীরাও অংশ নেয়।

 

এ ব্যাপারে ফয়সাল আহাম্মেদ বলেন, আমাদের নিজের জমিতে বালু ভরাট করছিলাম। স্থানীয়রা অন্যায়ভাবে কাজে বাঁধা দেয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিযন্ত্রণে আনতে দুই রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি বর্ষণ করে। এই ঘটনায় গ্রামবাসীর পক্ষে তৌহিদ নামের একজন বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন