রূপগঞ্জে বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন বস্ত্রমন্ত্রী
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২১, ০৭:৩৩ পিএম
রূপগঞ্জে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত তিন তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে উপজেলার কালনী এলাকায় হিরনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই নতুন ভবনের উদ্বোধন করেন তিনি।
এ সময় গোলাম দস্তগীর গাজী বলেন, রূপগঞ্জের এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। উপজেলার সব স্কুল, মাদরাসা, কলেজেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রতিটি স্কুল, মাদরাসা, কলেজেই নতুন নতুন ভবন হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। স্কুলে নতুন নতুন ভবন নির্মাণ, উপবৃত্তি প্রদান, বিনামূল্যে বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করছে। মিড ডে মিল প্রকল্পের আওতায় মুজিব বর্ষে সারাদেশে শিক্ষার্থীদের দুপুরের টিফিন দেয়া হবে।
গোলাম দস্তগীর গাজী বলেন, আওয়ামীলীগ সরকার কথায় নয় উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর থাকার ফলে পিছিয়ে পড়া এই রূপগঞ্জ উপজেলা আজ উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান, কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ মারফত আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন মহিলালীগের সভাপতি খাদিজা আক্তার রিনা, সাধারণ সম্পাদক ফেরদৌসী জান্নাত রুমা,
দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৈয়বুর রহমান মামুন, দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা পারভীন, হিরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম আওলাদ, দাউদপুর ইউনিয়ন পরিষদের সদস্য আয়নাল হোসেন, আজিজুল মালুম, আরিফুল হক সাগর ও হাসিবুর রহমান হাসিবসহ অনেকে।


