বন্দরে শীতলক্ষ্যা সেতুস্থলে টানেল নির্মাণের দাবিতে ফের মানববন্ধন
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২১, ০৯:২৫ পিএম
বন্দরে ৩য় শীতলক্ষ্যা সেতু নির্মাণে ২’শ বছরের পুরোনো ফরাজীকান্দা-কলাগাছিয়া সড়ক বহাল রাখা ও সেতুস্থলে টানেল নির্মাণের দাবিতে মদনগঞ্জ-মদনপুর মহাসড়ক আবারও অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (১২ মার্চ) জুম্মা নামাজের পর উপজেলার ফরাজিকান্দার মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে এ অবরোধ কর্মসূচি ও মানবন্ধন পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান।
মানবন্ধনে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন জাপা'র সভাপতি বাচ্চু মিয়া প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, হাজী গোলাপ হোসেন, খালিদ বিন আনিস, আব্দুস সালাম, শফিউদ্দিন ঢালী, রবি মিয়াজি, আলম মেম্বার, শাহাদাত হোসেন, সাহাদুল্লা মুকুল, শহিদুল ইসলাম রিপন, মাহাবুব মন্ডল, লিটু ফরাজী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এই এলাকায় ৩য় শীতলক্ষ্যা সেতু নির্মাণ কাজ শুরু হওয়ায় এই এলাকার হাজার হাজার মানুষ তাদের ভিটে মাটি ও বসতঘর হাসিমুখে ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা বিশ্বস্তসুত্রে জানতে পারলাম এই সেতু নির্মাণের মুল ছকে ফরাজিকান্দার এই ২শত বৎসরের পুরানো সড়কটির বহাল রাখার কোন ব্যবস্থা রাখা হয়নি। প্রায় ৪০টি গ্রামের সকল শ্রেণি পেশার ৮ লক্ষ মানুষের একমাত্র ভরসাস্থল এই সড়কটি যদি বহাল না রাখা হয় তাহলে তারা অবরুদ্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে এলাকার শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া আসা।
তারা আরো বলেন, মদনগঞ্জ-মদনপুর সড়কের উভয় পাশেই স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসা, বাজারের অবস্থান। ফলে সড়কটি বন্ধ হলে ফরাজিকান্দা এলাকাটি বিচ্ছিন্ন এলাকায় পরিণত হবে এবং তাদের চলাচল ঘুরা পথে ব্যয় বাড়বে দ্বিগুন। বাড়বে যানজট।
এছাড়াও সেতুটির সাথে চারলেনের রাস্তা হলে কোমলমতি শিশুদের স্কুলে যেতে রাস্তা পাড়াপাড় হবে সবচেয়ে ঝুঁকির বিষয়। আমরা যে কোন মূল্যে এ সড়কটিকে রক্ষা করব। প্রয়োজনে রক্ত দিব এবং পূর্বপাড়ে ব্রিজ নির্মাণ বন্ধ করে দিব।


