রূপগঞ্জে লিয়াং নামের এক চাইনিজ ইঞ্জিনিয়ারের আত্মহত্যা
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ০৩:২৬ পিএম
রূপগঞ্জে জু-জো ইন্ডাষ্ট্রিজ নামক একটি চাইনিজ ব্যাটারী কারখানায় লিয়াং (৪৫) নামের এক চাইনিজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার ( ১২ মার্চ) বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকা এ ঘটনাটি ঘটে। পারিবারিক কলহের কারনে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন তার সহকর্মীরা।
পুলিশ সুত্রে জানা যায়, ৪ বছর আগে কারখানাটি ভাড়া নেয় জু-জো ইন্ডাষ্ট্রিজ নামক একটি চাইনিজ কোম্পানি। কোম্পানিটি এখানে অটোর ব্যাটারি তৈরী করে। লিয়াং শুরু থেকে এই ফ্যাক্টরীতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিল।
দেড় মাস ছুটি কাটিয়ে গত ৩ দিন আগে চায়না থেকে ফ্যাক্টরিতে আসে লিয়াং। সে সময় থেকেই তার মাঝে কিছুটা অস্থিরভাব লক্ষ্য করেছেন তার সহকর্মীরা। লিয়াং ও তার সহকর্মীরা এক একজন আলাদা আলাদা রুমে একা থাকতেন।
শুক্রবার বিকেলে নাস্তা খাওয়ার জন্য ডাকাডাকি করে তার কোন সাড়াশব্দ না পেয়ে সহকর্মীরা তার রুমের দরজা ভেঙ্গে ফেলেন। ভিতরে প্রবেশ করে দেখেন লিয়াং গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছেন। তারা তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ইউ-বাংলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। লিয়াং এর সহকর্মী ইউ হোয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলার অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যর মামলা হয়েছে। লাশ বর্তমানে হিমায়িত করে মর্গে রাখা হয়েছে। লাশটি চায়না পাঠানোর জন্য বাংলাদেশে অবস্থিত চায়না দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।


