Logo
Logo
×

নগরের বাইরে

হাইব্রীড, কাউয়ারা দলে ঢুকে সকল অর্জনকে ম্লান করে দিচ্ছে : দিপু

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৪:১৯ পিএম

হাইব্রীড, কাউয়ারা দলে ঢুকে সকল অর্জনকে ম্লান করে দিচ্ছে : দিপু
Swapno

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট আনিসুর রহমান দিপু বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। কিন্তু আওয়ামী লীগে অনেক লেবাসধারী ঢুকে পড়েছে। সুবিধাবাদি, হাইব্রীড ও কাউয়ারা আওয়ামীলীগে ঢুকে দলের সকল অর্জনকে ম্লান করে দিচ্ছে।

 

তিনি বলেন, যার বংশের কেউ দেয় নাই নৌকায় ভোট, সে লাগাইছে মুজিব কোট। এগুলোকে দল থেকে বিদায় করতে হবে। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র পূর্বেও ছিলো, এখনো আছে। তাই ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলকে সদা প্রস্তুত থাকতে হবে’।

 

বুধবার (১৭ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বন্দরের মদনপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম কেওঢালার ভূঁইয়া বাড়িতে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এডভোকেট দিপু আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো আমরা স্বাধীনতার স্বাদ পেতাম না। বঙ্গবন্ধু ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন মূলত সেটাই ছিল বাঙ্গালীর মুক্তির সনদ ও স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিরস্ত্র বাঙ্গালী যুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং দেশকে পরাধীনতা থেকে মুক্ত করতে সক্ষম হয়। কিন্তু রাজাকার আলবদররা আওয়ামী লীগের পতাকাতলে এসে লুটতরাজ করে আওয়ামী লীগের বদনাম করেছে।

 

এর পূর্বে বাদ আসর কেওঢালায় মাদরাসা জূন-নূরাইন ও এতিমখানায় বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলে এডভোকেট আনিসুর রহমান দিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল আহাদ নাঈমের পরিচালিত দোয়ায় শরিক হন।

 

আওয়ামীলীগ নেতা ও মদনপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামাল ভূঁইয়ার সঞ্চালনায় এবং মদনপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও মদনপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নূরে আলম ভূঁইয়া ফারুকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইমদাদুল হক খোকন, এডভোকেট জসীম উদ্দিন, 

 

উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী আবু সাঈদ, নাজমুল হাসান বাবু, হাসানুজ্জামান, মিজানুর রহমান, ছানোয়ার হোসেন বিপ্লব, নজরুল ইসলাম বাদশা, মনির হোসেন, নবী দেওয়ান, ইসমাইল ভূঁইয়া, আমানউল্লাহ ভূঁইয়া, কালাম ভূঁইয়া, রব ভূঁইয়াসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন