Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে জ্বালানি তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ০৭:৩৫ পিএম

সিদ্ধিরগঞ্জে জ্বালানি তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
Swapno

সিদ্ধিরগঞ্জের এসও এলাকার মেঘনা ডিপোর ২০ গজের মধ্যে একটি অবৈধ জ্বালানি তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুপুর ১ টায় আদমজী ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তার সুনির্দিষ্ট কোন কারন জানাতে পারেনি ফায়ারসার্ভিস।

 

সোমবার (২২ মার্চ) দুপুরে এসও এলাকার ফিরোজ মিয়ার মালিকানাধিন জ্বালানি তেলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। গোডাউন থেকে আগুন পরবর্তীতে পার্শ্ববর্তী আরো ৩টি বাড়িতে ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 

ঘটনা স্থলে গিয়ে দেখা যায় ওই গোডাউনটির ২০ গজের মধ্যে রয়েছে মেঘনা জ্বালানী তেলের ডিপো। এই ডিপোকে ঘিরেই এসও এলাকা জুড়ে গড়ে উঠেছে বিভিন্ন অবৈধ জ্বালানী তেলের গোডাউন। প্রায় সময়ই এসব গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। এছাড়াও এসও বাসস্ট্যান্ড থেকে মেঘনা ডিপো পর্যন্ত একটি প্রশস্ত সড়ক রয়েছে। সেই সড়কেই জ্বালানী তেল সরবরাহকারী লরি গুলো এলো মেলোভাবে রাখা হয় সবসময়। এতে করে অন্যান্য জরুরী পরিবহনসহ স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। এলাকাবাসী জানায়, প্রশাসনের কাছে এসব বিষয়ে অভিযোগ জানিয়েও কোন সুরাহা হয়নি। 

 

সোমবারের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের সময়ও ভোগান্তিতে পড়েন বলে জানায় আদমজী ইপিজেডের ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা। তিনি বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌছানোর সময় এসও এলাকার ওই রাস্তাটিতে এলামেলো ভাবে তেলের লড়িগুলো পার্কিং করে রাখা হয়। দীর্ঘক্ষণ অপেক্ষা করে গাড়িগুলো সড়িয়ে তারপরে সেখানে পৌছাই। পরে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনি। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

 

এ বিষয়ে জানতে চাইলে গোডাউন মালিক ফিরোজ মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন